ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে দেশের কয়লা সম্পদ ব্যবহারের জন্য দ্রুত কয়লা নীতি অনুমোদনের সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি দেশের নতুন কয়লাক্ষেত্র থেকে কয়লা উত্তোলনের জন্যও সুপারিশ করেছে।
কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া বুধবার কমিটির বৈঠকের পর সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বলেন, "উন্নয়নের জন্য আমাদের জ্বালানি প্রয়োজন।"
তিনি বলেন, "ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটানোর জন্য আমাদের কয়লা রয়েছে। কিন্তু একটি নীতির অনুপস্থিতি এই কয়লা উত্তোলনের পথে প্রতিবন্ধকতাগুলোর মধ্যে অন্যতম বিবেচিত হয়ে থাকে।"
সুবিদ আলী বলেন, "এ কারণে আমাদের কয়লা সম্পদের যথাযথ ব্যবহারের জন্য কয়লা নীতি দ্রুত চূড়ান্ত করার জন্য কমিটি সুপারিশ করেছে।"
বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার একটি খসড়া কয়লা নীতি তৈরি করে। এতে বিতর্কিত উন্মুক্ত খনন পদ্ধতির সুযোগ রাখা হয়েছে।
বুয়েটের অধ্যাপক আব্দুল মতিন পাটোয়ারি ওই খসড়া কয়লা নীতিটি তৈরি করেন। এতে পরিবেশের ওপর প্রভাব খতিয়ে দেখার জন্য সরকার পরীক্ষামূলকভাবে বড়পুকুরিয়া কয়লা খনিতে 'উন্মুক্ত খনন পদ্ধতির' প্রকল্প চালু করতে পারে বলে সুপারিশ করা হয়।
খসড়া নীতিতে কয়লা রপ্তানিরও সুযোগ রাখা হয়েছে। বাংলাদেশ ও বিনিয়োগকারীদের মধ্যে রাজস্ব ভাগাভাগির ব্যাপারে সেখানে কোন উল্লেখ নেই।
বর্তমান সরকার এখন পর্যন্ত ওই খসড়া কয়লা নীতিটি অনুমোদনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী খসড়া কয়লা নীতির ওপর একটি 'পাওয়ার পয়েন্ট' উপস্থাপনা দেখার পর এ ব্যাপারে তার সিদ্ধান্ত দেবেন।
তৈরি খসড়াটির সমালোচকদের অনেকে বলেন, যুক্তরাজ্যের এশিয়া এনার্জি কোম্পানিকে ফুলবাড়ি থেকে 'উন্মুক্ত খনন পদ্ধতির' মাধ্যমে কয়লা উত্তোলনের সুযোগ করে দেওয়ার উদ্দেশে এটি তৈরি করা হয়েছিল।
সরকারের সঙ্গে এশিয়া এনার্জির চুক্তি বাতিলের দাবিতে ২০০৬ সালে ফুলবাড়ির মানুষ আন্দোলনে অংশ নিয়ে রাস্তায় নামলে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর গুলিতে কমপক্ষে দুজন নিহত হয়। ক্রমবর্ধমান গণঅসন্তোষের মুখে তৎকালীন সরকার এশিয়া এনার্জির সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ কেআরসি/এমআরএফ/এএনএস/এসকে/২৩১০ঘ.
bdnews24