২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসান হত্যা : চেয়ারম্যান মনিরকে আরো একদিনের পুলিশী হেফাজতের আদেশ

কামরাঙ্গীরচরের হাসান হত্যা মামলায় সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মনির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আবার একদিনের পুলিশ হেফাজতের আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2009, 02:01 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কামরাঙ্গীরচরের হাসান হত্যা মামলায় সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মনির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আবার একদিনের পুলিশ হেফাজতের আদেশ দিয়েছে আদালত। বুধবার মনির চেয়ারম্যানকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হলে মহানগর হাকিম সৈয়দা মিনহাজ উম মুনীরা এ আদেশ দেন। এই আদেশের পরপরই মনিরের আইনজীবী সানাউল্লাহ মিয়া এই রিমান্ডের আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন জানিয়ে সময় চান। আদালত তখন পুলিশ হেফাজতের আদেশ ৫ দিনের জন্য স্থগিত করে। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক সহুল আমিন এর আগে ১১ জুলাই পাঁচ দিন রিমান্ড চেয়েছিলেন। সে আবেদনের শুনানি হয়েছে বুধবার। এর আগে হাজী মনির হোসেনকে ৫ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ৯ জুন কামরাঙ্গীরচর লোহার ব্রিজের ঢালে মনির চেয়ারম্যান ও তার লোকজনের গুলিতে হাসান নিহত ও কয়েকজন আহত হয়। স্থানীয় মানুষ বিভিন্ন দাবিতে চেয়ারম্যানকে ঘেরাও করলে তিনি নিজের পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়েন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২০১২ঘ.