ফরিদপুর, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-খুলনা মহাসড়কে বৃহস্পতিবার বাসের ধাক্কায় একটি নসিমন চুরমার হয়ে চারজন নিহত হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ব্রাহ্মপাড়া এলাকায় সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন।
নিহতরা সবাই নসিমনের যাত্রী। এরা হলেন বাবুল মিত্র (৪০), বজলু বয়াতী (৩৩), ইউসুফ আলী শিকদার (৪২) ও ওমর শেখ (৩০)।
ওসি মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সোয়া ৭টার দিকে ব্রাহ্মপাড়ায় চট্টগ্রাম থেকে মংলাগামী রূপালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নসিমনকে (শ্যালো ইঞ্জিন চালিত অটোরিক্সা) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমনের চার যাত্রী নিহত হয়।"
দুর্ঘটনায় নসিমনের আরও এক যাত্রী আহত হয়েছেন। তার পরিচয় পাওয়া যায়নি। তাকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় একটি মামলা হয়েছে। বাসটি আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২৩২ ঘ.
bdnews24