২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূয়া গ্রেপ্তারি পরোয়ানায় ১৩ দিন ধরে কারাগারে এক কৃষক

অভিযুক্ত না হয়েও ভূয়া গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেপ্তার হয়ে ১৩ দিন ধরে কারাগারে আছেন এক দরিদ্র কৃষক। হবিগঞ্জের নবীগঞ্জ থানার মান্দারকান্দি গ্রামের কৃষক বিলাত মিয়াকে যে মামলায় আটক করা হয়েছে আদালতের নথিপত্রে এর কোনো অস্তিত্বই নেই। তবে আদালতের আদেশে তিনি শিগগিরই মুক্তি পাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2009, 12:35 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভিযুক্ত না হয়েও ভূয়া গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেপ্তার হয়ে ১৩ দিন ধরে কারাগারে আছেন এক দরিদ্র কৃষক। হবিগঞ্জের নবীগঞ্জ থানার মান্দারকান্দি গ্রামের কৃষক বিলাত মিয়াকে যে মামলায় আটক করা হয়েছে আদালতের নথিপত্রে এর কোনো অস্তিত্বই নেই। তবে আদালতের আদেশে তিনি শিগগিরই মুক্তি পাচ্ছেন। বুধবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতের হাকিম সৈয়দা মিনহাজ উম মুনীরা হবিগঞ্জ কারাগার থেকে বিলাতকে দ্রুত মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন। বিলাতের পক্ষে তার ঢাকার আইনজীবী রফিকুল ইসলাম মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পারিবারিক শত্র"তার জের ধরে একই গ্রামের শাহ আলম ঢাকার আদালত পাড়ার একটি টাউট চক্রের মাধ্যমে বিলাতের বিরুদ্ধে ওই ভূয়া গ্রেপ্তারি পরোয়ানা জারি করায়।" নথিপত্র ঘেটে দেখা যায়, ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতের সীল ও স্বাক্ষর সম্বলিত ঢাকার কোতোয়ালি থানার ১৮ (৭) ০৮ নম্বরের একটি ছিনতাই মামলায় গত ১৭ জানুয়ারি ওই পরোয়ানা ইস্যু করা হয়েছে। এতে বিলাত মিয়ার নাম আসামি হিসাবে উল্লেখ ছিল। নবীগঞ্জ থানা পুলিশ ওই পরোয়ানায় বিলাতকে গ্রেপ্তার করে হবিগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। আইনজীবী রফিকুল আরো জানান, বিলাতের ভাই সেরুন মিয়া ও স্বজনরা ওই গ্রেপ্তারি পরোয়ানা ও হবিগঞ্জের আদালতের মামলার অনুলিপিসহ ঢাকায় তার কাছে আসেন। "আমি আদালতের পুলিশের জেনারেল রের্কডিং কর্মকর্তার কার্যালয়ে এসে দেখতে পাই, গ্রেপ্তারি পরোয়ানার ওই মামলাটিতে বিলাত মিয়া আসামিই নন। আর মামলাটি ছিনতাইয়ের নয়, এটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা", বলেন রফিকুল। তিনি আরো জানান, বুধবার মামলার নথি ঢাকার ওই মহানগর হাকিমের কাছে উপস্থাপন করা হলে হাকিম নথি পর্যবেক্ষণ করে দ্রুত বিলাত মিয়াকে মুক্তি দেওয়ার জন্য অব্যাহতি পরোয়ানা পাঠানোর আদেশ দেন। বিলাতের সহোদর সেরুন মিয়া বলেন, "আমার বোনের সঙ্গে একই গ্রামের প্রভাবশালী শাহ আলমের বিয়ের পর থেকে সে যৌতুকের জন্য চাপ দিচ্ছিল। যৌতুক দিতে ব্যর্থ হওয়ায় শাহ আলম বোনকে তাড়িয়ে দেয়। পরে বোন নবীগঞ্জ থানায় যৌতুক দাবির অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে।" এ মামলার কারণেই শাহ আলম এই 'অপকর্ম' করেছেন বলে দাবি করেন সেরুন। "গ্রেপ্তারি পরোয়ানার মামলার কাগজপত্র পর্যবেক্ষণে হবিগঞ্জের হাকিম যথেষ্ট মনোযোগ দেয়নি বলেই বিলাতকে বিনা দোষে জেল খাটতে হয়েছে", বলেন তার আইনজীবী রফিকুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/১৮৪৪ঘ.