ঢাকা, জুলাই ২২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাভাইয়ের সহযোগী সন্দেহে এক যুবককে আটক করেছে ঢাকার গুলশান থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম মিঠু (৩০)। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে গুলশানের কড়াইল বস্তি থেকে তাকে আটক করা হয়। তার বাড়ি রাজশাহীর বোয়ালিয়া থানার তালাইমারি গ্রামে।
ঢাকা মহানগর পুলিশের গুলশান অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার মো. মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলা ভাইয়ের এক সহযোগী মিঠুকে কড়াইল বস্তি থেকে আটক করা হয়েছে। সে মিথ্যা নাম ও পরিচয়ে বস্তিতে থাকছিল।"
পুলিশ কর্মকর্তা মনির জানান, মিঠু খিলগাঁওয়ের একটি বস্তিতে থাকত। গত মাসে কড়াইল আসে।
জিজ্ঞাসাবাদের জন্যে মিঠুকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
রাজশাহী জেলার বাগমারা থেকে 'জাগ্রত মুসলিম জনতা' ব্যানারে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে সিদ্দিকুল ইসলাম বাংলাভাই। তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের মার্চে তার ফাঁসির আদেশ কার্যকর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৬১২ ঘ.
bdnews24