ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পলাশ হত্যা মামলার আসামি আল ইমরানকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার রাজধানীর গাবতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ৯ জুলাই হাজারীবাগের পুলপারের সাদেক খান রোডের একটি টিনশেড ঘরের ভেতর থেকে মফিজুল ইসলাম পলাশ ওরফে মনার (২৯) জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ।
পরকীয়া প্রেমের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন র্যাব-২ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ তালেবুর রহমান।
র্যাব জানায়, বন্ধু হিসেবে ইমরানের বাড়িতে পলাশের যাতায়াত ছিল। এক পর্যায়ে ইমরানের স্ত্রী লায়লার সঙ্গে পলাশের সম্পর্ক গড়ে ওঠে। এরই জের ধরে গত ৯ জুলাই রাতে পলাশকে হত্যা করে ইমরান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৬৫২ ঘ.
bdnews24