ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌসুমী বায়ু প্রবল হওয়ায় দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বুধবার সকালের বুলেটিনে বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু প্রবাহ প্রবল। এ কারণে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দর এবং উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বইতে পারে।
আবহাওয়া দপ্তর চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে।
আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে খুলনা, বাগেরহাট, বরগুনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, লক্ষীপুর, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, চট্টগ্রাম এবং কক্সবাজার উপকূলীয় জেলাগুলোর নিম্নাঞ্চল এবং দ্বীপ ও চর স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ ফুট বেশি উচ্চতার জোয়ারে প্লাবিত হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএস/এমআই/১৩৩০ ঘ.
bdnews24