২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদত্যাগ সম্পর্কে আমি কিছুই জানি না'

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের পদত্যাগ সম্পর্কে তিনি কিছুই জানেন না। তিন সপ্তাহ সিঙ্গাপুরে চিকিৎসা শেষে মঙ্গলবার রাতে দেশে ফিরে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের তিনি এ কথা জানান। রাত ১১ টা ৪৫ মিনিটে সাহারা খাতুনকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটটি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2009, 07:16 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের পদত্যাগ সম্পর্কে তিনি কিছুই জানেন না। তিন সপ্তাহ সিঙ্গাপুরে চিকিৎসা শেষে মঙ্গলবার রাতে দেশে ফিরে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের তিনি এ কথা জানান। রাত ১১ টা ৪৫ মিনিটে সাহারা খাতুনকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটটি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ভিআইপি লাউঞ্জে হুইল চেয়ারে বসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদত্যাগ সম্পর্কে আমি কিছুই জানি না। এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না। তিনি ছুটিতে আছেন, এটুকু জানি।'' তিনি জানান, সিঙ্গাপুরে চিকিৎসার সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টেলিফোনে তার খোঁজ-খবর নিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তার যোগাযোগ হয়েছে। এর আগে গণমাধ্যমে তানজিম আহমেদের পদত্যাগ নিয়ে গুঞ্জনের পর গত ৩ জুন সাহারা খাতুন বলেছিলেন, তিনি ৬ থেকে ২৩ জুন পর্যন্ত তার (স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী) ছুটির আবেদন অনুমোদন করেছেন। আরোগ্যলাভের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। সাহারা আবেগঘন কণ্ঠে বলেন,''প্রধানমন্ত্রী আমাকে বিদেশে চিকিৎসার জন্য না পাঠালে আমি পঙ্গু হয়ে যেতাম। এজন্য আমি তার কাছে কৃতজ্ঞ। আপনারা দোয়া করবেন, সারা জীবন আমি যেন জনগণকে সঙ্গে নিয়ে তাদের জন্য কাজ করে যেতে পারি।'' স্বরাষ্ট্র মন্ত্রী জানান, বুধবার থেকে তিনি অফিস করবেন। তিনি বলেন, ''আমি সুস্থ হয়ে উঠছি। চিকিৎসকের পরামর্শ নিয়ে দেশে ফিরে এসেছি। আশা করছি কাল (বুধবার) থেকে অফিসে যাব।'' গত ২৯ জুন স্বরাষ্ট্র মন্ত্রী নিজের বাসার বাথরুমে পিছলে পড়ে কোমরে আঘাত পান। উন্নত চিকিৎসার জন্য ১ জুলাই তিনি সিঙ্গাপুর যান। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার অস্ত্রোপচার ও চিকিৎসা হয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সর্ম্পকে সাহারা বলেন, ''সিঙ্গাপুর থেকে পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমার সার্বক্ষণিক যোগাযোগ ছিল। ওখান থেকে তাদের প্রয়োজনীয় নির্দেশও দিয়েছি।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/এইচএ/০০২৩ ঘ.