ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাত ও ভয়ভীতি দেখানোর অভিযোগে যুবক হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন ও চেয়ারম্যান আবু মো. সাইদসহ ১২ জনের বিরুদ্ধে আরও পৃথক দুই মামলা হয়েছে।
মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বাদি হয়ে মামলা দুটো দায়ের করেছেন রাজধানীর কদমতলী থানার মুরাদপুর মাদ্রাসা রোডের সোনিয়া আক্তার প্রিয়া ও নুরুন্নাহার সাথী।
মহানগর হাকিম মো. ইসমাইল হোসেন মামলা দুটো তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলার অন্য ১০ আসামি হচ্ছেন যুবক হাউজিং-এর সমন্বয়কারী জহির রায়হান সচিব শাহ জাবিন ইসলাম মুক্তি, উপ বিভাগীয় সভাপতি লুৎফুননেছা মিনু, সমন্বয়কারী জলিল পাঠান, সমন্বয়কারী খোরশেদা বেগম, এরিয়া ম্যানেজার আব্দুল আলিম, নির্বাহী পরিচালক হোসাইন আল মাসুম, ব্যবস্থাপনা পরিচালক খবিরউদ্দিন, যুবকের প্রকল্প পরিচালক সৈয়দ রাশেদুল হুদা চৌধুরী ও কর্মকর্তা মাসুদ পারভেজ মানিক।
মামলা দুটোতে বাদীরা উল্লেখ করেন তারা যুবক হাউজিং এর সংগঠক পদে নিয়োজিত থেকে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা সংগ্রহ করে অভিযুক্তদের কাছে জমা দিয়েছেন। কিন্তু অভিযুক্তরা ওই টাকা আত্মসাত করেছেন ও টাকা চাইতে গেলে বাদির জীবননাশের হুমকি দিয়েছেন।
মামলা দুটো পরিচালনা করেন অ্যাডভোকেট শওকত ওসমান।
গত রোববার একই রকম অভিযোগে মুরাদপুর মাদ্রাসা রোডের সংগঠক জাকির হোসেনও একই আদালতে মামলা করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২৩৫৪ঘ.
bdnews24