২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারের রাজনগর ইউএনও লাঞ্ছিত, কার্যালয় ভাঙচুর

মৌলভীবাজারের রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফায়েত মাহবুব চৌধুরীকে মঙ্গলবার লাঞ্ছিত করা হয়েছে। এ সময় হামলাকারীরা ইউএনও কার্যালয়ে আসবাবপত্র ও দরজা-জানালা ভাঙচুর করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2009, 03:32 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

মৌলভীবাজার, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফায়েত মাহবুব চৌধুরীকে মঙ্গলবার লাঞ্ছিত করা হয়েছে। এ সময় হামলাকারীরা ইউএনও কার্যালয়ে আসবাবপত্র ও দরজা-জানালা ভাঙচুর করে। উপজেলা চেয়ারম্যান মিছবাউদ্দৌজা ভেলাই'র নির্দেশে তার সমর্থকরা ইউএনওকে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে মিছবাউদ্দৌজা এ অভিযোগ অস্বীকার করেছেন। ইউএনও শাফায়েত মাহবুব চৌধুরী বলেন, উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি গঠনে উপজেলা চেয়ারম্যান মিছবাউদ্দৌজা ভেলাই'র প্রস্তাবিত এক ব্যক্তির নাম তিনি গ্রহণ না করায় তার নির্দেশে সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। এ সময় ইউএনও কার্যালয়ের বাইরে ফটকের সামনে পুলিশ ছিল বলে তিনি দাবি করেন। ইউএনও জানান, দুপুর পৌনে ১২টার দিকে মিছবাউদৌজার সমর্থকরা অর্ধশতাধিক মোটর সাইকেল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে আসে। এদের মধ্যে ৭/৮ জন দ্বিতীয় তলায় তাঁর কার্যালয়ে ঢুকে চেয়ারম্যানের প্রস্তাবিত গোলাম মাওলা লুকু'র নাম গ্রহণ না করার কারণ জানতে চায়। এক পর্যায়ে তারা গালিগালাজ, আসবাবপত্র ভাঙচুর এবং অফিস তছনছ করে। তাকে শারিরীকভাবে লাঞ্ছিত করে বলেও জানান তিনি। অফিসের কর্মচারীরা হামলাকারীদের বাধা দিলে তাদেরও মারপিট করা হয়। পরে পুলিশ গিয়ে ইউএনওকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতিতে এ ঘটনা ঘটার ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাদেকুজ্জামান সাংবাদিকদের বলেন, "আমরা তো বুঝতে পারিনি ঘটনা এমন হবে। ওরা (হামলাকারীরা) দরজার ফাঁক-ফোকর দিয়ে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে।" এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। উপজেলা চেয়ারম্যান মিছবাউদ্দৌজা বলেন, "ঘটনাটি আমি মানুষের মুখ থেকে শুনেছি। তবে কারা কী কারণে হামলা চালিয়েছে তা আমার জানা নেই।" আওয়ামী লীগ দলীয় স্থানীয় সাংসদ সৈয়দ মহসীন আলী বলেন, "হামলাকারীরা যদি আওয়ামী লীগ সমর্থকও হয় তবুও তাদের আইনের আওতায় আসতে হবে। কেউই আইনের উর্ধ্বে নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৩ ঘ.