চাঁদপুর, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুর শহরের মাদ্রাসাঘাট এলাকায় অবস্থিত লঞ্চঘাট থেকে মঙ্গলবার বিকেলে সাড়ে পাঁচ লাখ মিটার কারেন্ট জাল আটক করেছে উপকূলরক্ষী বাহিনী- কোস্টগার্ড।
তবে কাউকে আটক করা যায়নি।
১৬ জুলাই চাঁদপুরের কয়েকটি গুদামে অভিযান চালিয়ে ১৩ লাখ ২৫ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছিল র্যাব ও কোস্টগার্ড।
অভিযানে নেতৃত্ব দেওয়া কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আনওয়ারুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়।
এ সময় একটি নৌকা থেকে ঘাটে নামানো দুই হাজার দুশ' বাণ্ডেল কারেন্ট জাল আটক করা হয়। এসব জালের বাজারমূল্য দুই কোটি ২০ লাখ টাকা।
কোস্টগার্ড কর্মকর্তা বলেন, তারা ধারণা করছেন কারেন্ট জালগুলো নৌকা থেকে নামিয়ে যাত্রীবাহী লঞ্চে করে অন্যত্র পাঠানোর ব্যবস্থা করা হচ্ছিল। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে জাল ফেলে এর মালিক পালিয়ে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৭ ঘ.
bdnews24