২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'হাজারীই ফেনী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক'

কারাবন্দি সাবেক সাংসদ জয়নাল আবেদীন হাজারীই ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছেন দলের নেতারা। মঙ্গলবার বিকেল সংবাদক সম্মেলন করে আওয়ামী লীগ নেতারা এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2009, 01:24 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ফেনী, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কারাবন্দি সাবেক সাংসদ জয়নাল আবেদীন হাজারীই ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছেন দলের নেতারা। মঙ্গলবার বিকেল সংবাদক সম্মেলন করে আওয়ামী লীগ নেতারা এ কথা জানান। দুটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের কারণে বিভ্রান্তি সৃষ্টি হওযায় জেলা আওয়ামী লীগে নেতারা এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেছেন, হাজারী যতদিন কারাগারে থাকবেন ততোদিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন যুগ্ম সম্পাদক আবদুর রহমান। সংবাদ সম্মেলনে বলা হয়, হাজারীর বহিস্কারাদেশ আগেই প্রত্যাহার করা হয়েছে। কারাগার থেকে বেরিয়ে আবার তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। ১৯৯৭ সালে ফেনীতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর উপস্থিতিতে অনুষ্ঠিত জেলা কাউন্সিলে আবুল কাশেমকে সভাপতি ও জয়নাল হাজারীকে সাধারণ সম্পাদক করা হয়। এরপর জেলা কমিটি আর কাউন্সিল করতে পারেনি। আবুল কাশেমের মৃত্যুতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন আজিজ আহম্মদ চৌধুরী। ২০০১ সালের ১৭ আগস্ট হাজারী আত্মগোপনে চলে গেলে যুগ্ম সম্পদক আবদুর রহমানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ৯৭ সালের কমিটি অনুযায়ীই আসন্ন জাতীয় কাউন্সিলে ৪৮ জনকে কাউন্সিলর মনোনীত করে কেন্দ্রে একটি তালিকা পাঠানো হয়েছে। সোমবার যুগান্তর পত্রিকায় 'ফেনী আওয়ামী লীগে সাধারণ সম্পাদকের দাবিদার দুজন' এবং আমার দেশ-এ 'ফেনীতে হাজারী গুজবের অবসান' শিরোনামে দুটি প্রতিবেদন ছাপা হয়। দুটি প্রতিবেদনেই দাবি করা হয় হাজারী আর ফেনী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নন। সংবাদক সম্মেলনে আওয়ামী লীগ নেতারা পত্রিকা দুটি এ দাবি নাকচ করে দিয়েছেন। ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহম্মদ চৌধুরীর স্টেশন রোডের বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আজিজ আহম্মদ চৌধুরী ছাড়াও বক্তব্য রাখেন- জেলা কমিটির সহ সভাপতি মীর হোসেন মীরু, আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন হাজারী মিয়া, অর্থ সম্পাদক ওবায়দুল হক, সদস্য শাহজাহান সাজু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন বুলবুল, মহিলা লীগের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা গিয়াস প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৯ ঘ.