গোলাম মূর্তজা অন্তু
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন স্থান থেকে জঙ্গি গ্রেপ্তারের সময় প্রায়ই উদ্ধার করা হয় জিহাদি পুস্তিকা। এসব পড়েই জঙ্গি কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা হয় তরুণদের। কিন্তু এসব পুস্তিকা আটক করা হলেও এর প্রকাশনা বন্ধে উদাসীন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল রেজানুর রহমান খান অবশ্য বলেছেন, বিষয়টিতে তারা নজর দেবেন।
গত ১৫ জুলাই চার জঙ্গি গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে বেশ কিছু বই পুস্তক জিহাদি বই হিসেবে সাংবাদিকদের সামনে হাজির করে র্যাব-১। এর মধ্যে রয়েছে 'আজাদী ও লড়াই', মুজাহিদের পাথেয়- ১ ও ২ এবং আল ইসলাম ও আল মাগাযী পত্রিকার বেশ কয়েকটি কপি।
মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে জঙ্গিবাদে উদ্বুদ্ধকরণের ক্ষেত্রে এই বই-পুস্তকগুলো মুখ্য ভূমিকা পালন করে- এমনটাই বলে আসছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
র্যাব-১ কর্মকর্তা মেজর সুমন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আটক বইয়ের উৎস সম্পর্কে খোঁজ খবর নিয়ে দেখা গেছে, এর ভেতরে ভুয়া প্রকাশনা প্রতিষ্ঠানের যে নাম-ঠিকানা দেওয়া থাকে।"
'আজাদী ও লড়াই' বইটির ভেতরে লেখা প্রকাশকের ফোন নম্বর নিয়ে এই প্রতিবেদক যোগাযোগ করতেই ওপাশ থেকে ফোন ধরেন প্রকাশনা প্রতিষ্ঠান 'মুমতায লাইব্রেরি'র কর্মচারী আব্দুল মোমিন। তিনি জানান, বইটি তারা প্রকাশ করেছেন।
ঠিকানা নিয়ে পুরান ঢাকার বাংলাবাজারে প্রতিষ্ঠানের শোরুমে গিয়ে দেখা যায় এরকম বহু বই আছে।
মোমিন বলেন, "এখান থেকে কে বা কারা বই কেনে আমরা তা ফলো করি না। কেউ বইগুলো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করলে আমরা কী করব।"
'আজাদী ও লড়াই' বইটির লেখক ভারতভিত্তিক জঙ্গি সংগঠন জয়েশ-ই-মোহাম্মদের প্রতিষ্ঠাতা মাওলানা মাসুদ আজহার। গ্রেপ্তারের ৬ মাস ২৪ দিন পরেই ভারতীয় জঙ্গিরা কী করে বিমান ছিনতাই করে মাসুদ আজহারকে ভারতের জেল থেকে ছাড়িয়ে এনেছিলেন এই বইয়ে তার বর্ণনা রয়েছে।
এ রকম বর্ণনাসহ বিভিন্ন জঙ্গি নেতার লেখা অসংখ্য বই বায়তুল মোকাররম, কাঁটাবন ও বাংলাবাজারের দোকানগুলোতে বিক্রি হচ্ছে।
এ বিষয়ে র্যাবের কয়েকজন কর্মকর্তা বলেন, আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি ইসলামী ফাউন্ডেশনের মতো সরকারের অন্যান্য প্রতিষ্ঠানগুলোও বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক রেজানুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জঙ্গিদের উদ্বুদ্ধকরণে সহায়ক প্রকাশনাগুলো বন্ধে র্যাব কোনও পদক্ষেপ এখনও নেয়নি। তবে শিগগিরই বিষয়টি নজরে আনা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/আরএ/এমআই/১৬৩১ ঘ.
bdnews24