২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডা. সালমাকে হত্যার কথা স্বীকার করে উজ্জলের জবানবন্দী

কথিত প্রেমিকা ডা. সালমা পারভীন মনিকে হত্যার কথা অকপটে স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে ঘাতক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2009, 02:39 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কথিত প্রেমিকা ডা. সালমা পারভীন মনিকে হত্যার কথা অকপটে স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে ঘাতক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল। উজ্জ্বলকে বুধবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে সে ডা. সালমাকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। এর পরিপ্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় উজ্জ্বলের জবানবন্দী রেকর্ড করা হয়। ডা. সালমাকে হত্যার ব্যাপারে উজ্জ্বল দীর্ঘ জবানবন্দী দেয়। জবানবন্দী শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপ পরিদর্শক আব্দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উজ্জ্বল জবানবন্দীতে বলেছে সালমা বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায়ই সে তাকে খুন করে। মঙ্গলবার দুপুরে রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণ মুগদা পাড়ায় একটি হাসপাতালে ঢুকে উজ্জ্বল সেখানে কর্মরত চিকিৎসক সালমাকে খুন করে। মোবাইল ফোনে পরিচয়ের সূত্রে তাদের মধ্যে প্রেম হয় বলে উজ্জল দাবি করেছে। তবে তার একজন নিকট আত্মীয় প্রেমের কথা অস্বীকার করে বলেছেন উজ্জল সালমাকে ফোনে উত্যক্ত করতো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২০৪৫ঘ.