ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাজধানীতে আবার আগ্নেয়াস্ত্রের ব্যবহার করে সন্ত্রাসের ঘটনা ঘটেছে।
সোমবার দুপুরে পূর্ব কাজীপাড়ায় একটি আসবাবপত্রের দোকানে গুলি করে মালিক ও ক্রেতার কাছ থেকে দুর্বৃত্তরা প্রায় এক লাখ টাকা লুটে নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
কাফরুল থানার উপ-পরিদর্শক হারুন অর রশীদ জানান, সোমবার আড়াইটার দিকে ৫/৬ জন দুর্বৃত্ত 'ব্রাদার্স ফার্নিচার' এ ঢুকে এক ক্রেতাকে গুলি করে ও আরেকজনকে ছুরি মেরে দু'জনের ৭৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এছাড়া তারা দোকানের ক্যাশ বাক্স থেকে ৩০ হাজার ৫শ' টাকা নিয়ে গেছে বলে পুলিশকে জানিয়েছেন মালিক।
দুর্বৃত্তরা দোকানের ভেতর এলোপাতাড়ি ৫/৭টি গুলি করে। পুলিশ দোকান থেকে দু'টি গুলির খোসা পেয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ক্রেতা শফিকুল ইসলাম জানান, তিনি ও আরেক ক্রেতা হাশেমী দোকানটিতে ঢোকার সময় দুর্বৃত্তদের কবলে পড়েন। দুর্বৃত্তরা তাদের কাছে এসে দোকান মালিকের খোঁজ করে। এরপর পেটে গুলি করে তার কাছ থেকে নগদ ৫৫ হাজার টাকা, দু'টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। একই সময়ে হাশেমীর দু' হাতে ছুরিকাঘাত করে তার কাছ থেকেও নগদ ২০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।
ছুরিতে আহত আরেক ক্রেতা হাশেমী একই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২৩৫৫ঘ.
bdnews24