ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানের অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই আত্মপক্ষ সমর্থন করে যৌথ বিবৃতি দিয়েছে ওই দুই পত্রিকা।
'মাইনাস টু ফর্মুলা' বাস্তবায়নে পত্রিকা দুটি সাহায্য করেছিল- বেক্সিমকো চেয়ারম্যানের এমন অভিযোগ প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, "আমরা এ অভিযোগ সুস্পষ্টভাবে অস্বীকার করছি। বরং আমরা মনে করি এ ধরনের কথা বলে সালমান রহমান তার প্রতিষ্ঠানের কর্মকাণ্ড থেকে জনসাধারণের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার মরিয়া চেষ্টা করছেন।"
সোমবার সকালে রাজধানীর হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে সালমান এফ রহমান অভিযোগ করেন, দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে 'মাইনাস টু ফর্মুলা' বাস্তবায়নের সাহায্য করেছিল।
এছাড়া এ দুটি পত্রিকা বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এর জবাবে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের পক্ষে যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ূম ওই বিবৃতি পাঠান।
পত্রিকা দুটি বেক্সিমকোর বিরুদ্ধে অনবরত অসৎ প্রচারণা চালিয়ে আসছে এবং অনৈতিক সাংবাদিকতার আশ্রয় নিয়েছে এ মর্মে সালমান এফ রহমানের অভিযোগ অস্বীকার করে বিবৃতিতে তারা বলেন, তাদের পত্রিকায় সাংবাদিকতার সর্বোচ্চ নৈতিক মান ও আচরণ অনুসরণ করা হয়।
এছাড়া তথ্য-প্রমাণ ও সংশ্লিষ্টদের বক্তব্য ছাড়া কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি বলেও ওই বিবৃতিতে দাবি করা হয়।
কোম্পানির লভ্যাংশ ঘোষণা ও সম্পদ পুনর্মূল্যায়ন সম্পর্কে প্রথম আলো ও ডেইলি স্টার নিজস্ব মতামত দেয়নি বলেও দাবি করে পত্রিকা দুটি।
ইনসাইডার ট্রেডিংয়ের বিষয়ে বলা হয়, "আমরা এ ব্যাপারে সালমান এফ রহমান বা বেক্সিমকোকে অভিযুক্ত করিনি। আমাদের প্রতিবেদনে লভ্যাংশ ঘোণার প্রাক্কালে দুইটি ব্যাংক শেয়ারের যে অস্বাভাবিক লেনদেন করেছিল, সেটাই বলা হয়েছে। বিনিয়োগকারীদের এবং জনসাধারণের কাছে তথ্য প্রকাশকে আমরা সাংবাদিকতার দায়িত্ব মনে করেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/২৩১০ঘ.
bdnews24