২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌসুমী নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল, আটটি ট্রলারডুবি

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতার জোয়ারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপকূলের কোথাও কোথাও দমকা হাওয়া বইছে। হচ্ছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2009, 04:19 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

পটুয়াখালী, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতার জোয়ারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপকূলের কোথাও কোথাও দমকা হাওয়া বইছে। হচ্ছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। দমকা হাওয়ার কবলে পড়ে সোমবার ভোররাতে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর মোন্তাজ উপকূলে আটটি ট্রলার ডুবে গেছে। তবে প্রাণহানি হয়নি। বৈরী আবহাওয়ার কারণে পটুয়াখালীর অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় আয়লায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে বরগুনায় আমতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নে চাউলাপাড়া, শারিকখালী, বাদুরতলা, কচুপাত্রা, ঝাড়াখালী এলাকার বাড়িঘরসহ ফসলের মাঠ তলিয়ে গেছে। বেড়িবাঁধের বাইরের বাড়িঘরে পানি ঢুকেছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখা বলা হয়েছে। আবহাওয়া অফিসের রাত ১০টার বিশেষ বুলেটিনে বলা হয়, রাত ৯টা থেকে ২টা পর্যন্ত সময়ের মধ্যে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৭-১৪ ফুট উচ্চতায় বাড়বে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। প্রবল জোয়ারে জেলার নিম্নাঞ্চল ৪ থেকে ৫ থেকে ফুট পানিতে প্লাবিত হয়েছে। গলাচিপা উপজেলার চরমোন্তাজ থেকে মৎস্য ব্যবসায়ী আজাদ সাথী জানান, ভোর রাতে সামুদ্রিক ঝড়ে এফবি গঙ্গাপুর, এফবি জয়া, এফবি সালাম, এফবি তাহেরসহ ৮টি ট্রলার ডুবে গেছে। ঝড় থামার পর ৫০ জন জেলেকে অন্য মাছধরা ট্রলারের লোকজন উদ্ধার করে। খলিশাখালী ও লোহালিয়া নদীতে স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৭ ফুট উচ্চতার জোয়ারের কারণে পটুয়াখালী শহরের পুরান বাজার, চকবাজার, নবাবপাড়া, একতা সড়কসহ নিচু এলাকাগুলো হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে। পটুয়াখালী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মো. ইউনুছ খান জানান, কুয়াকাটাসহ পটুয়াখালীর উপকূলীয় এলাকায় মাঝারি দমকা হাওয়া ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। স্থানীয় বন্দর কর্মকর্তা মো. শহিদুল্লাহ মিয়া জানান, আবহাওয়া পরিস্থিতি খারাপ হওয়া মাত্রই লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়ার জন্য উপকূলের পুলিশ প্রশাসন ও লঞ্চ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। গলাচিপা উপজেলার চরকাজল থেকে শিক্ষক আহসান আজিম জানান, সমুদ্র উত্তাল হয়ে উঠছে। প্রবল ঢেউয়ের কারণে শতশত মাছ ধরা ট্রলার সাগর মোহনাগুলোতে নোঙর করে আছে। বরগুনা: জানান, বঙ্গোপসাগরসহ পায়রা ও বিষখালী নদী উত্তাল হয়ে উঠেছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ২/৩ ফুট বেড়ে গেছে। দুই শতাধিক মাছধরা ট্রলার পাথরঘাটা, তালতলী ও নলী এলাকায় আশ্রয় নিয়েছে। আমতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের প্রায় দুই মাইলের মতো বেড়িবাঁধ আইলায় ভেঙে গেছে। ওই ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে চাউলাপাড়া, শারিকখালী, বাদুরতলা, কচুপাত্রা, ঝাড়াখালী এলাকার বাড়িঘরসহ ফসলের মাঠ তলিয়ে গেছে। বেড়িবাঁধের বাইরের বাড়িঘরে পানি ঢুকেছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমা বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কথা স্বীকার করে জানান, আমাবস্যার কারণে ২/৩ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। পানিতে ডুবে থাকায় অনেক এলাকায় বেড়িবাঁধ মেরামত করা যাচ্ছে না। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, বিকেল পর্যন্ত পাথরঘাটা, তালতলী ও নলী বন্দরে দুই শতাধিক ট্রলার ফিরে এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১৯ ঘ.