ইসলামী বিশ্ববিদ্যালয়, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনার সমঝোতা হয়েছে।
সমঝোতা বৈঠকের পরপর ক্যাম্পাসে অনির্দিষ্টকালের মিছিল, সমাবেশ ও বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে মাইকিং করা হয়।
রোববার রাতে উভয় পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
সোমবার সারাদিন ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করলেও সন্ধ্যা ৬ টার দিকে উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিন দুই সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়।
সমঝোতা অনুযায়ী, ছাত্রলীগ ও ছাত্র শিবির নেতা-কর্মীরা নিজ নিজ হলের কক্ষে ফিরে যাবেন। সেই সঙ্গে আটক ৭ শিবির নেতাকেও ছেড়ে দেওয়া হবে।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শাহজাহান, প্রক্টর মাহবুবুল আরফিন, প্রক্টরিয়াল বডির সদস্য, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক ও বিভিন্ন ফোরামের শিক্ষক, ছাত্রলীগ সভাপতি শেখ শাহানুর আলম কেরামত, সাধারণ সম্পাদক সম্পাদক সাজ্জাদ হোসেন ও ছাত্র শিবির সভাপতি আসাদ উদ্দিন ও দপ্তর সম্পাদক মো. শাহিন।
পরে উপাচার্য ও অন্যান্য কর্মকর্তারা হলে হলে গিয়ে সমঝোতার বিষয়টি শিক্ষার্থীদের জানিয়ে দেন।
প্রক্টর মাহবুবুল আরফিন জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যস্থতায় উভয় সংগঠনের নেতাদের মধ্যে সমঝোতা হয়েছে।
ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান সমঝোতার কথা স্বীকার করে বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে তা আমরা মেনে নিয়েছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২১৫৫ ঘ.
bdnews24