রাজশাহী, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চারদলীয় জোট সরকারের মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হককে ত্রাণের টিন আত্মসাত মামলা জামিন দিয়েছে রাজশাহীর একটি আদালত। একই আদালত বাগমারা থানায় করা একটি হত্যা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেছে।
সোমবার রাজশাহীর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম এ বি এম মাহমুদুল হকের আদালতে হাজির করা হলে আমিনুল হকের আইনজীবীরা দুটি মামলায় তার জামিন চান।
অবৈধভাবে সম্পদ অর্জন ও তথ্য গোপন এবং জঙ্গি মদদের মামলায় আমিনুল হকের ৪১ বছর সাজা হয়েছে। ৭ জুলাই আদালতে আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানো হয়।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতে হাজির করা হয় আমিনুল হককে।
আদালতের আদেশের পরে তাকে আবার রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
গোদাগাড়ী উপজেলার আচুয়া গ্রামের শহীদ জিয়া স্মৃতি পরিষদের নামে দুই বাণ্ডিল ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে ২০০৭ সালের ২ ফেব্র"য়ারি এসআই খলিলুর রহমান বাদী হয়ে মামলা করেন।
২০০৪ সালে বাগমারা উপজেলায় একটি হত্যাকাণ্ডের ঘটনায় আমিনুলের হকের বিরুদ্ধে আরেকটি মামলা হয়।
আদালত উপ-পরিদর্শক (সিএসআই) হেদায়েত জানান, রোববার রাতে আমিনুল হককে ঢাকা থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আনা হয়। তাকে আদালতে হাজির করার খবর পেয়ে বিএনপি নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে ভিড় জমান।
তিনি আরও জানান, আমিনুল হকের বিরুদ্ধে রাজশাহীর বাগমারা, তানোর ও গোদাগাড়ী থানায় জঙ্গি মদদদান, খুুন, চাঁদাবাজি, নির্যাতন, অর্থ-আত্মসাত ও চুরির অভিযোগে ১৫টি মামলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৩ ঘ.
bdnews24