২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি-আইনজীবীদের প্রতি 'অসাংবিধানিক' আচরণের বিচার দাবি খোকনের

বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় হাইকোর্টের বিচারপতি এস কে সিনহাসহ অন্য বিচারপতি ও আইনজীবীদের প্রতি 'অসাংবিধানিক ও হয়রানিমূলক' আচরণ তদন্তে কমিটি করে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন বিএনপি দলীয় সাংসদ মাহবুব উদ্দিন খোকন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2009, 12:51 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় হাইকোর্টের বিচারপতি এস কে সিনহাসহ অন্য বিচারপতি ও আইনজীবীদের প্রতি 'অসাংবিধানিক ও হয়রানিমূলক' আচরণ তদন্তে কমিটি করে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন বিএনপি দলীয় সাংসদ মাহবুব উদ্দিন খোকন। সোমবার সুপ্রিম কোর্টে নিজের চেম্বারে এক লিখিত বক্তব্যে তিনি এ দাবি জানান। গত ১৬ জুলাই আপিল বিভাগে নবনিযুক্ত বিচারপতি এস কে সিনহা সেনা সমর্থিত ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকারকে 'স্বৈরাচারী' আখ্যায়িত করে অভিযোগ করেন, ওই সময় তাকে বিচারপতির পদ থেকে অপসারণের চেষ্টা হয়েছিল। প্রধান বিচারপতির বিচারকক্ষে নবনিযুক্ত চার বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে বিচারপতি সিনহা বলেন, "জরুরি অবস্থার সময় কিভাবে স্বৈরাচারী শাসক আমাকে অসাংবিধানিক উপায়ে অপসারণ করার উদ্যোগ নিয়েছিল তা সবার জানা। আইনজীবী সমিতির সদস্যরা আইনের শাসন প্রতিষ্ঠায় তখন শাসকের বিরুদ্ধে লড়েছেন। অসাংবিধানিক দাবির কাছে মাথা নত না করার জন্য আমাকে সাহস যুগিয়েছেন।" বিচারপতি এস কে সিনহার ওই বক্তব্য উল্লেখ করে মাহবুব উদ্দিন বলেন, "সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দেশে জরুরি অবস্থা জারি করে অসাংবিধানিকভাবে রাজনীতিবিদসহ অসংখ্য নিরীহ নাগরিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। নিু আদালতে চাপ সৃষ্টির মাধ্যমে বিচার ও রায় নিয়ন্ত্রন করে।" তিনি আরও বলেন, "সুপ্রিম কোর্টের বিচারপতির সুস্পষ্ট অভিযোগের পর আজ প্রায় তিন দিন অতিবাহিত হলেও আইন মন্ত্রণালয়সহ সরকারের দায়িত্বশীল মহলের নীরবতা আমাদের উৎকন্ঠিত করে তুলেছে। এক্ষেত্রে সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও মানবাধিকার কর্মীরাও কোনও প্রতিবাদ করছেন না। এমনকি মানবাধিকার লংঘন ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অতি উৎসাহী কূটনীতিকরাও এ বিষয়ে কোনও মন্তব্য করা থেকে বিরত রয়েছেন।" তত্ত্বাবধায়ক সরকারের ওইসব কর্মকান্ডের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মাহবুব উদ্দিন বলেন, "এসব ঘটনার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমরা সাবেক সেনাপ্রধান জেনারেল মইন ইউ আহমেদ-এর নেতৃত্বে অন্যান্য সেনা কর্মকর্তাদের অসাংবিধানিক আচরণ, বঙ্গভবনে তথাকথিত চায়ের দাওয়াত দেওয়া, হয়রানি ও অশোভন আচরণ, দুদক এবং এনবিআরের আইনজীবী হওয়ার জন্য চাপ প্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা তদন্ত করতে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র বিচারপতির নেতৃত্বে কমিটি গঠনের দাবি জানাচ্ছি।" সেইসঙ্গে তিনি মইন ইউ আহমেদ, ফখরুদ্দীন আহমদ, অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ এবং তাদের সহযোগীদের বিচার করে শাস্তি দেওয়ারও দাবি জানান। মাহবুব উদ্দিনের এই দাবি সম্পর্কে আইনমন্ত্রী শফিক আহমেদের দৃষ্টি আর্কষণ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, "বিচারপতি এস কে সিনহা যে অভিযোগ করেছেন, সেটা তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলেছেন। এ ব্যাপারে আইন মন্ত্রণালয়ে কোনও কিছু জানানো হয়নি। তাই এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/১৮৫২ ঘ.