ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের পিয়াইন, ডাউকি ও ডালা নদী থেকে যান্ত্রিক উপায়ে (বোমা মেশিন) পাথর উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। সোমবার আদালত 'বোমা মেশিন'র সাহায্যে এসব নদী ও এর আশেপাশের এলাকা থেকে পাথর উত্তোলন বন্ধে অবিলম্বে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে বলেছে।
যান্ত্রিক উপায়ে পাথর উত্তোলনের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) করা রিটের শুনানি শেষ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চ এ আদেশ দেয়।
এসব নদী থেকে যন্ত্র দিয়ে পাথর উত্তোলন করা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুলনিশিও জারি করেছে হাইকোর্ট।
এছাড়া অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে এবং তাদের কাছ থেকে পাথর উত্তোলনের ফলে সৃষ্ট ক্ষতির ক্ষতিপূরণ আদায়ের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চেয়েছে আদালত।
সরকারের পরিবেশ সচিব, ভূমি সচিব, জ্বালানি সচিব, পানি সম্পদ সচিব, সিলেটের ডিসি, সিলেট ও কোম্পানীগঞ্চের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রোববার বেলা হাইকোর্টে রিটটি দায়ের করে। রিটকারী পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট ইকবাল কবির। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমএসবি/১৮৩৮ ঘ.
bdnews24