সিলেট, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাত দফা দাবি আদায়ে সিলেট বিভাগ উপজেলা ভাইস চেয়ারম্যান সমন্বয় পরিষদ সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাইস চেয়ারম্যানরা এ কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার প্রায় ৫০জন ভাইস চেয়ারম্যান অংশ নেন।
মানববন্ধন কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশে ভাইস চেয়াম্যানরা বলেন, সরকার জনমতের তোয়াক্কা না করে আমলাদের প্রভাবে স্থানীয় সরকার ব্যবস্থাকে অকার্যকর করার নানা তৎপরতা শুরু করেছে। এ ব্যাপারে তারা প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করে উপজেলা পরিষদকে কার্যকর করার দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন- সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ূন ইসলাম কামাল, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শামীমা শাহরীয়ার ও জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪২ ঘ.
bdnews24