ফরিদপুর, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে।
উপজেলার তুজারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব ভূঁইয়া শনিবার রাতে ভাঙ্গা থানায় এ মামলা করেন।
আসামিরা হলেন- প্রথম আলো'র ভাঙ্গা উপজেলা প্রতিনিধি (সাময়িক বরখাস্ত) অজয় দাস এবং যুগান্তরের আব্দুল মান্নান।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন মামলা দায়েরের কথা স্বীকার করলেও বিস্তারিত আর কিছু জানাননি।
বাদী তুজারপুর ইউপি চেয়ারম্যান সোহরাব ভূঁইয়া বলেন, "হাছা মিছা (সত্য-মিথ্যা) দিয়ে মামলা করতে হয়েছে। আপনাদের কাছে পরে সব বলব। আমি এখন ব্যস্ত। ওসি সাহেবের সাথে আছি। ভদ্রাসন গ্রামের পুরুষদের গ্রামে ফিরিয়ে আনার চেষ্টা করছি।"
তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামে মোবাইল চুরির ঘটনায় সুলতান খানের ছেলে মিরু খানকে (১৫) অভিযুক্ত করা হয় গ্রাম্য সালিশে। এ সময় মিরুর বাবা সুলতান খান সমাজপতিদের চাপে মিরুর ডান চোখে আঘাত করেন।
ওই প্রতিনিধিদের বরাত দিয়ে গ্রাম্য সালিশের রায়ে চক্ষু উৎপাটন শীর্ষক সংবাদ শুক্রবার প্রথম আলো ও যুগান্তরে ছাপা হয়।
এ ব্যাপারে ওইদিন বিকেলে ফরিদপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট মীজানুর রহমান এবং জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ যৌথ সংবাদ সম্মেলনে প্রকাশিত সংবাদটি অতিরঞ্জিত বলে দাবি করেন।
এ ঘটনায় প্রথম আলোর প্রতিনিধি অজয় দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৫ ঘ.
bdnews24