২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মাইক্রো-ভ্যান সংঘর্ষে চারজন নিহত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় শনিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি মাইক্রোবাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2009, 02:02 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

গাজীপুর, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের শ্রীপুর উপজেলায় শনিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি মাইক্রোবাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- মিয়ার উদ্দিন (৪৮), তার স্ত্রী সমলা (৪০) ও মেয়ে হাছিনা খাতুন (২৫) এবং মাইক্রোবাসের চালক হাবিবুর রহমান (৩০)। তাদের বাড়ি শ্রীপুর উপজেলার মাধখোলা গ্রামে। দুর্ঘটনায় মাইক্রোবাসের যাত্রী নূরু মিস্ত্রী (৬৫), দুঃখী (২২), আয়েশা খাতুন (৫৮) ও পিকআপ ভ্যানের চালকসহ সাতজন আহত হয়েছেন। মাওনা চৌরাস্তা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, ভোর পাঁচটার দিকে মিয়ার উদ্দিনের বাড়ির সদস্যরা মাইক্রোবাসে (ঢাকা মেট্রো ঢ-১১-৯৩৭০) করে শেরপুরের উদ্দেশ্যে রওনা দেয়। শ্রীপুরের এমসি বাজারের কাছে মুলাইদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মুরগিভর্তি একটি পিকআপ ভ্যানের (মৌলভীবাজার ড-১১-০১৯৫) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকরা জানান মিয়ার উদ্দিন, তার স্ত্রী ও মেয়ে মারা গেছেন। ঢাকায় পাঠানোর পথে মাইক্রোচালক মারা যান। অপর আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়ার পর ঢাকা পাঠানো হয়েছে বলে এসআই সাইফুল জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১১ ঘ.