২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সাতক্ষীরায় তিনজনের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার দুপুরে একজন মারা গেছেন। আহত হয়েছেন আরেকজন। একই কারণে শুক্রবার রাতে সাতক্ষীরায় মারা গেছেন দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2009, 01:43 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার দুপুরে একজন মারা গেছেন। আহত হয়েছেন আরেকজন। একই কারণে শুক্রবার রাতে সাতক্ষীরায় মারা গেছেন দুজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, সদর উপজেলার সুলতানপুর গ্রামে শনিবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার ছোট ভাই মুন্না। মামুন সুলতানপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। পরিবারের বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসক তোফায়েল আহমেদ জানান, দুপুরে ঘরে কাজ করার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে মামুন মারাত্মক আহত হন। এ সময় ছোট ভাই মুন্না তাকে বাঁচাতে গেলে সেও বিদ্যুৎপৃষ্ট হয়। তিনি বলে, হাসপাতালে আনার পথেই মামুন মারা যান। মুন্না হাসপাতালে ভর্তি রয়েছে। সাতক্ষীরা প্রতিনিধি জানান, শ্যামনগর উপজেলায় মাজাট গ্রামের লিটন (২৪) এবং নকিপুর গ্রামের রাকিব (২১) নামের দু'জন মারা গেছেন। শ্যামনগর থানার উপ-পরিদর্শক মনির উদ্দিন জানান, রাত ১১টার দিকে রকিব ও লিটনসহ ৮/৯ জন বন্ধু নকিপুর বাজারে বনভোজন করছিলেন। মাংস কম পড়লে রাকিব ও লিটন পাশের একটি খামারে মুরগি চুরি করতে যান। ওই খামারের চারপাশে ঝুলিয়ে রাখা চোর প্রতিরোধক বিদ্যুতের তারে জড়িয়ে তারা মারাত্মকভাবে আহত হন। সঙ্গীরা তাদের উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তারা মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ শনিবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, রাকিবের বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে মুরগি খামার মালিক দিলদার হোসেনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে দিলদার হোসেন পলাতক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/এমএসবি/১৯৫৪ ঘ.