ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর সরকারের দেওয়া গুরুত্বের বিষয়টি তুলে ধরে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, এজন্য সরকারকে স্বাস্থ্য, শিক্ষাসহ অন্যান্য উন্নয়নমূলক খাত থেকে বরাদ্দ কেটে আনতে হচ্ছে।
পরিস্থিতির উন্নয়নে দরিদ্র জনগোষ্ঠীর জন্য খাদ্য বিতরণ এবং উন্নয়ন কর্মসূচির মধ্যে সমন্বয় গড়ে তোলার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
খাদ্যমন্ত্রী শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে জাইকা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন।
আব্দুর রাজ্জাক বলেন, "খাদ্য নিরাপত্তার জন্য বাংলাদেশকে এবার ২৬ লাখ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করতে হবে। এজন্য স্বাস্থ্য, শিক্ষাসহ অন্যান্য উন্নয়নমূলক খাত থেকে বরাদ্দ কেটে আনতে হচ্ছে। অবস্থার উত্তরণে দরিদ্র জনগোষ্ঠীর জন্য খাদ্য বিতরণ এবং উন্নয়ন কর্মসূচির মধ্যে একটি সমন্বয় গড়ে তুলতে হবে।"
অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ড. খন্দকার শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জাপান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইয়োনেজো ফুকুদা, জাইকার প্রধান প্রতিনিধি তোদা তাকাও এবং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. আমিনুল ইসলাম বক্তব্য দেন।
উন্নয়ন কর্মকাণ্ডে জাপান সরকারের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, "বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও খাদ্য নিরাপত্তাসহ প্রতিটি খাতে জাপান সরকার সহযোগিতা দিচ্ছে। বঙ্গবন্ধু সেতুসহ অনেক বৃহৎ স্থাপনা নির্মাণেও জাপান সহায়তা দিয়েছে। এতে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে।"
উন্নয়ন সহযোগী অন্যান্য দেশ ও সংস্থার প্রতিও বাংলাদেশের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/১৯৩৬ঘ.
bdnews24