ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্তদের জন্য ২০০ মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে সৌদি আরব।
এর মধ্যে রয়েছে- খাদ্য, তাঁবু ও কম্বলসহ অন্যান্য উপকরণ।
বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ নাসের আল বুশাইরি শুক্রবার সকালে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাকের কাছে এ ত্রাণসামগ্রী হস্তান্তর করেন।
বৃহস্পতিবার রাতে সৌদি সরকারের নিজস্ব কার্গো বিমানে ১০০ মেট্রিক টনের প্রথম চালনটি ঢাকা পৌঁছায়। দ্বিতীয় চালানে আরও ১০০ মেট্রিক টন ত্রাণ নিয়ে একটি বিমান শুক্রবার সকালে ঢাকা পৌঁছে।
ত্রাণ সামগ্রী গ্রহণ করে খাদ্যমন্ত্রী বলেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সৌদি আরব মুসলিম ভ্রাতৃত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। এর আগে সিডর দুর্গতদের জন্যও সৌদি আরব সবচেয়ে বেশি ত্রাণ সাহায্য দিয়েছে।
এ জন্য সৌদি বাদশা ও সে দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এ ত্রাণসামগ্রী ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হবে। ক্ষতিগ্রস্তদের কল্যাণে যথাযথভাবেই এর ব্যবহার হবে।
এ সময় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব মোখলেছুর রহমান এবং ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের মহাপরিচালক ফজলুল হক উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/এইচএ/২৩৫৮ ঘ.
bdnews24