২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে পুলিশ সদস্যকে মৃত ফেলে রেখে পালিয়েছে চিকিৎসকরা

চিকিৎসাধীন এক পুলিশ সদস্যকে মৃত অবস্থায় ফেলে রেখে ধানমণ্ডির হার্ট অ্যান্ড চেস্ট হাসপাতালের চিকিৎসকরা পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মৃত আব্দুস সামাদ (৪২) বরিশাল রেঞ্জে পুলিশের রিজার্ভ ফোর্সে কর্মরত ছিলেন। চিকিৎসকদের 'অবহেলার' কারণেই তার মৃত্যু হয়েছে বলে রোগীর স্বজনরা অভিযোগ করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2009, 02:50 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- চিকিৎসাধীন এক পুলিশ সদস্যকে মৃত অবস্থায় ফেলে রেখে ধানমণ্ডির হার্ট অ্যান্ড চেস্ট হাসপাতালের চিকিৎসকরা পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মৃত আব্দুস সামাদ (৪২) বরিশাল রেঞ্জে পুলিশের রিজার্ভ ফোর্সে কর্মরত ছিলেন। চিকিৎসকদের 'অবহেলার' কারণেই তার মৃত্যু হয়েছে বলে রোগীর স্বজনরা অভিযোগ করছেন। আব্দুস সামাদের জামাতা আহিজার রহমান লেমন জানান, বুকের ব্যাথার কারণে দু' মাস আগে তার শ্বশুর আব্দুস সামাদকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. এন এ কামরুল হাসান জানান, রোগীর হৃদযন্ত্রে চারটি প্রতিবন্ধক (ব্লক) রয়েছে। সরকারি হাসপাতালে থাকলে তার অস্ত্রোপচারের সিরিয়াল আসতে দু' মাস লেগে যাবে। এ কারণ দেখিয়ে তিনি রোগীকে তার ব্যাক্তিগত 'বাংলাদেশ হার্ট এন্ড চেস্ট হাসপাতালে' ভর্তির পরামর্শ দেন। সামাদের স্বজনদের অভিযোগ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা গত ৪ জুলাই আব্দুস সামাদকে ধানমণ্ডির ২৭ নম্বর সড়কের হার্ট অ্যান্ড চেস্ট হাসপাতালে ভর্তি করেন। কয়েকদিনের মধ্যেই তার বিভিন্ন টেস্ট বাবদ তাদের কাছ থেকে ৪৫ হাজার টাকা নেওয়া হয়। এরপর বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ৮টার দিকে তাদের জানানো হয় 'অস্ত্রোপচার সফল' হয়েছে। এসময় তারা চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ১২ ব্যাগ রক্ত জোগাড় করে দেন।কিন্তু চিকিৎসকরা একবারের জন্যও রোগীকে দেখতে দেননি। আহিজার জানান, শুক্রবার সকাল পর্যন্ত চিকিৎসকরা রোগীকে দেখতে দেয়নি। এরপর সকাল ৯টার দিকে ফোন পেয়ে হাসপাতালে এসে দেখেন কোনও চিকিৎসক নেই। তার শ্বশুরকে একটি ঘরে রাখা হয়েছে। এরপর তিনি সেই ঘরের দরজা ভেঙে গিয়ে দেখেন আব্দুস সামাদের নিথর দেহ বাধা অবস্থায় পড়ে রয়েছে। কোনও চিকিৎসক সেখানে নেই। তিনি বলেন, "ডাক্তারদের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। তা না হলে ডাক্তাররা রোগীর স্বজনদের না জানিয়ে পালালো কেন।" হাসপাতালে অবস্থানকারী একমাত্র চিকিৎসক ডা. হাসানকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি এ রোগীর চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট ছিলাম না। তাই কিছু বলতে পারছি না।" যারা সংশ্লিষ্ট ছিলেন তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি। অভ্যর্থনা ডেস্ক থেকেও হাসপাতালের মালিক ডা. কামরুল হাসানের যোগাযোগের ঠিকানা বা ফোন নম্বর চেয়েও পাওয়া যায়নি। হাসপাতালের কর্মচারীরা পাল্টা অভিযোগ করেন, রোগীর স্বজনরা 'বেয়াদব'। তারা অসত্য কথা বলছেন এবং মিথ্যা অভিযোগ করছেন। বরিশাল জেলার পুলিশ সুপার মাহাবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কনস্টেবল আব্দুস সামাদ বরিশাল রিজার্ভ ফোর্সে কর্মরত ছিলেন। অসুস্থতার কারণে তাকে ঢাকা পাঠানো হয়। পরে চিকিৎসকের পরামর্শে তিনি ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ বিষয়ে ধানমণ্ডি থানার পুলিশকে মৌখিকভাবে জানানো হলেও এখন পর্যন্ত কোনও লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২০৫৪ ঘ.