চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে সেচযন্ত্র (গভীর নলকুপের ইঞ্জিন) চুরির অভিযোগে তাবারক নামে এক যুবককে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে শুক্রবার গোমস্তাপুর থানায় মামলা হয়েছে। মামলাটি করেন বোয়ালিয়া গ্রামের তাবারক আলীর বাবা তৈমুর রহমান।
বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান জানান, ২৩ জুন গভীর রাতে গোমস্তাপুর উপজেলার শৈলবিল থেকে ৬টি সেচযন্ত্র চুরি হয়। চুরির অভিযোগে স্থানীয় লোকজন তাবারককে ১০ জুলাই উপজেলার নন্দিপুর এলাকা থেকে ধরে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদে আটকে রাখে।
তিনি জানান, পরদিন বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রকাশ্যে তাকে বিচারের সম্মুখীন করা হয়। তাবারককে স্থানীয় লোকজন দড়ি দিয়ে দুই হাত পিছনে বেঁধে আম গাছে ঝুলিয়ে শারীরিক নির্যাতন চালায়। পরে তাবারকের বাবা তৈমুর আলী মুচলেকা দিয়ে ছাড়িয়ে তাকে আনেন। ওই সালিসে তিনি ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শৈলবিলে দীর্ঘদিন ধরে সেচযন্ত্র চুরির ঘটনা ঘটছে। বিক্ষুব্ধ কৃষকদের চাপে আমি ওই সালিসে উপস্থিত ছিলাম।''
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবর আলী জানান, ঘটনার সময় তিনি ছুটিতে ছিলেন। এ ঘটনায় তাবারকের বাবা শুক্রবার অজ্ঞাতনামা কয়েক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে। তাবারক বর্তমানে একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি জানান ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২০৫০ ঘ.
bdnews24