ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ১৪ বছর ধরে বাংলাদেশে লুকিয়ে থাকার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ভারতের 'মোস্ট ওয়ান্টেড' জঙ্গি মুফতি শেখ ওবায়দুল্লাহ। তাকে ঢাকার বাবুবাজার ব্রিজের কাছ থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় গ্রেপ্তার করা হয় বলে পুলিশ দাবি করেছে।
ওবায়দুল্লাহ 'র্দুর্ধষ' জঙ্গি বলে জানিয়েছে পুলিশ। (বিস্তারিত)
শুক্রবার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক।
পুলিশ কমিশনার জানান, ওবায়দুল্লাহ মূলত জিহাদী কর্মকাণ্ডে মানুষকে উদ্বুদ্ধকরণের কাজ করে থাকেন। ১৯৯০-'৯১ সালে আফগান যুদ্ধে অংশগ্রহণের জন্য দেড়মাস ধরে বিভিন্ন ধরনের অস্ত্র পরিচালনার প্রশিক্ষণ নেন তিনি। ওবায়দুল্লাহ একাধিকবার আফগানিস্তান গিয়ে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশও নেন।
ভারতের বিভিন্ন জায়গায় কট্টর হিন্দু ও কাশ্মীরে সেনাবিরোধী কার্যক্রমে মানুষকে উদ্বুদ্ধ করাই ছিল তার মূল কাজ।
তার বিরুদ্ধে নাশকতার কোনও অভিযোগ নেই উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, "বাংলাদেশে গত ১৪ বছরে তিনি (মুফতি শেখ ওবায়দুল্লাহ ) জিহাদী তৈরির কাজ করেছেন। তিনি সব ধরনের অস্ত্র চালনায় পারদর্শী। এছাড়া জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ থাকার কারনে তিনি ভারতে মোস্ট ওয়ান্টেড।
গত মে মাসে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার ভারতীয় মাফিয়া ডন আব্দুর রউফ ওরফে দাউদ মার্চেন্ট ও তার সহযোগী জাহিদ শেখের দেওয়া তথ্যের ভিত্তিতে শেখ ওবায়দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান শহীদুল হক।
তিনি জানান, মাওলানা আবু জাফর ছদ্মনামে মুফতি শেখ ওবায়দুল্লাহ ১৯৯৫ সাল থেকে পরিবারের সদস্যদের নিয়ে বাংলাদেশে বসবাস করছেন। গত ছয় বছর ধরে মাদারীপুরের শিবচরে একটি মাদ্রাসায় শিক্ষকতা করছিলেন তিনি। এর আগে শেখ ওবায়দুল্লাহ যশোর, সাতক্ষীরা ও শ্রীমঙ্গলের তিনটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। তার বাড়ি পশ্চিমবঙ্গের হাওড়া জেলায়।
তিনি উত্তর প্রদেশের বিখ্যাত দেওবন্দ মাদ্রাসার ছাত্র ছিলেন এবং সেখান থেকে ফতোয়ায় ডক্টরেট ডিগ্রি অর্জন করেন বলে পুলিশ জানায়।
কমিশনার জানান, পুলিশের ধারণা ওবায়দুল্লাহ কাশ্মীর ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার নেতা আমীর রেজার নির্দেশে বাংলাদেশে মুজাহিদদের সংগঠিত করে 'জিহাদের' প্রস্তুতি নিচ্ছিলেন। তবে এ বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি।
বাংলাদেশে লুকিয়ে থাকা ভারতের আরও চারজন মোস্ট ওয়ান্টেড জঙ্গির সঙ্গে ওবায়দুল্লাহর যোগাযোগ রয়েছে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে শেখ ওবায়দুল্লাহ সাংবাদিকদের জানান, শুধুমাত্র নিরাপদে লুকিয়ে থাকার জন্যই তিনি দীর্ঘদিন ধরে স্ত্রী, তিন ছেলে ও দু' মেয়েকে নিয়ে বাংলাদেশে বসবাস করছিলেন। নিরুপদ্রব বসবাসের স্বার্থে তিনি এদেশে কোনও নাশকতামূলক কর্মকাণ্ড বা সংগঠনের সঙ্গে নিজেকে জড়াননি। তবে বাহিনী গড়ে হিন্দু ও মুসলমানের শত্র" নিধনের ইচ্ছা তার ছিল বলে জানান তিনি।
বিগত জাতীয় নির্বাচনে তিনি ভোটও দিয়েছেন বলে জানান।
ওবায়দুল্লাহ জানান, লস্কর-ই-তৈয়বার কর্মকাণ্ড সমর্থন করলেও তাদের সঙ্গে তার কোন যোগাযোগ বা সম্পর্ক নেই, কখনও ছিল না। তবে সংগঠনটির নেতা আমির রেজা খান তাকে যোগদানের প্রস্তাব দিলেও তিনি তা ফিরিয়ে দিয়েছিলেন।
বাংলাদেশে তিনি কোনও অনুসারী তৈরির কাজ করেননি বা তার কোনও অনুসারী নেই বলে তিনি জানান।
১৯৯৫ সালে বাংলাদেশে পালিয়ে আসার আগে তিনি পাকিস্তানভিত্তিক জঙ্গি গ্র"প হরকাত-উল-জিহাদ আল ইসলামীর সঙ্গে যুক্ত ছিলেন। তবে এই সংগঠনটির সঙ্গে বর্তমানের হরকাত-উল-জিহাদ (হুজি)'র কোনও সম্পর্ক নেই বলে দাবি করেন ওবায়দুল্লাহ।
দাউদ মার্চেন্টের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই দাবি করে ভারতীয় এই জঙ্গি বলেন, "মার্চেন্টকে আমি দেখছি। তবে তার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। ওরা স্মাগলার। তবে ওরাও হিন্দু নিধন করেছে। কিন্তু ওদের কোনও আদর্শ নেই।"
বাংলাদেশে লুকিয়ে থাকা চার ভারতীয় মোস্ট ওয়ান্টেড জঙ্গির সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে স্বীকার করেছেন তিনি।
দেওবন্দ মাদ্রাসায় পড়ার সময় তার বাংলাদেশী সহপাঠীরা এদেশে তাকে অবস্থানের বিষয়ে সহযোগিতা করেছে বলে ওবায়দুল্লাহ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/১৯০৮ঘ.
bdnews24