ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্যাস ও বিদ্যুৎ খাতের উন্নয়নে দু'টি বিশেষ তহবিল গঠন করা হচ্ছে। একটি গ্যাস খাত উন্নয়ন ও অন্যটি বিদ্যুৎ-জ্বালানি খাত উন্নয়ন তহবিল।
বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহি চৌধুরী সাংবাদিকদের বলেন, "বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে যে তহবিল গঠন করা হবে তাতে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ হবে। গ্যাস তহবিল গঠনের জন্য প্রস্তাব বিইআরসিতে পাঠানো হয়েছে।
প্রায় হাজার কোটি টাকার এই তহবিল গঠন করা হবে বলে তিনি জানান।
বিদ্যুতের দাম বাড়ানো সম্পর্কে তিনি বলেন, "বিদুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর লোকসান কমানো হবে। ব্যবস্থাপনা উন্নত করা হবে। তারপরও বিদ্যুতের দাম বাড়লে তা যেন ন্যায় সঙ্গত হয় সেদিকে খেয়াল রাখা হবে।
বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, স্থানীয় ব্যাংক ঋণ, প্রবাসীদের অর্থ এবং শেয়ার বজার থেকে অর্থ নিয়ে এই তহবিল গঠন করা হবে।
এরই মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) বিশেষ গ্যাস তহবিল গঠন করার প্রস্তাব পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর জ্বালানি বিভাগ থেকে পেট্রোবাংলার মাধ্যমে এই প্রস্তাব দেওয়া হয়।
গ্যাসের দাম বাড়িয়ে যে অর্থ আয় হবে সেই অর্থ দিয়ে এই তহবিল গঠন করা হবে। তহবিল গঠন করতে বিইআরসির অনুমতি নিয়ে পেট্রোবাংলা সব ধরণের গ্যাসের দাম বাড়াবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএনএস/টিআর/০১০০ঘ.
bdnews24