ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা মহানগর পুলিশের তালিকাভুক্ত অপরাধী সাইফুল ইসলাম ওরফে বাহারকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার সহকারী কমিশনার শ্যামল মুখার্জী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শিল্পাঞ্চল থানা পুলিশ এফডিসির সামনে থেকে সাইফুলকে গ্রেপ্তার করে।
শ্যামল মুখার্জী জানান, সাইফুলের বিরুদ্ধে শুধুমাত্র শিল্পাঞ্চল থানাতেই পাঁচটি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ভূমি দখল ও মোটরসাইকেল চোর চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে।
গত মে মাসে রাজধানীর প্রতিটি থানায় মোট ৩ হাজার ৮১ জন সন্ত্রাসীর একটি হালনাগাদ তালিকা তৈরি করা হয়। ওই তালিকা অনুযায়ী, সাইফুল তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার শীর্ষ সন্ত্রাসী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/টিআর/০০২৫ ঘ.
bdnews24