২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রাষ্ট্রের ভূমিকা' নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা করা উচিত: আঙ্কটাড

বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) উচিত 'নতুন উন্নয়নশীল দেশ' গড়ে তোলা। জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন (আংকটাড) এর এক রিপোর্টে বলা হয়, স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নে 'রাষ্ট্রের ভূমিকা' নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা করা উচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2009, 06:18 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) উচিত 'নতুন উন্নয়নশীল দেশ' গড়ে তোলা। জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন (আংকটাড) এর এক রিপোর্টে বলা হয়, স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নে 'রাষ্ট্রের ভূমিকা' নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা করা উচিত। 'এলডিসি রিপোর্ট ২০০৯: রাষ্ট্র ও সুশাসনের জন্য উন্নয়ন' সারা বিশ্বে প্রকাশ করা হয় বৃহস্পতিবার। ঢাকায় এটি প্রকাশ করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সিপিডির অতিরিক্ত পরিচালক ফাহমিদা খাতুন সাংবাদিকদের কাছে রিপোর্টের মূল দিক তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের অবস্থানের কথাও তুলে ধরেন। রিপোর্টে বলা হয়, বিশ্ব অর্থনৈতিক সঙ্কটে ২০০২ সাল থেকে ২০০৮ সাল অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে কাজ করা অনুঘটকগুলোর বেশ ক্ষতি হয়েছে। উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সুশাসনের জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার কর্মসূচি গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় রিপোর্টে। সমীক্ষায় বলা হয়, রাজনীতিক ও আমলারা উন্নয়নের দিকে নজর দিলেই কেবল প্রাতিষ্ঠানিক সংস্কার কর্মসূচি গ্রহণ করা সম্ভব। আঙ্কটাড মনে করছে, অর্থনৈতিক সংকটের কারণে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে স্বল্পোন্নত দেশগুলোর সুনির্দিষ্ট সংস্কার কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। খাদ্য নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়ে রিপোর্টে কৃষির ওপর বিনিয়োগ বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়। রিপোর্টে স্বল্পন্নত দেশগুলোর প্রতি ফসল উৎপাদন বৃদ্ধি, কৃষকদের প্রতি আরও স্থানীয় সহায়তা, জমির ওপর কৃষকদের অধিকার আরও নিশ্চিত ও উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়। এতে শক্তিশালী হয়ে উঠবে কৃষি বাজার। সমীক্ষায় বলা হয়, বাংলাদেশসহ ছয়টি স্বল্পোন্নত দেশ দারিদ্র্য নির্মূল কৌশলের ক্ষেত্রে সুশাসনের ওপর অগ্রাধিকার দেয়নি। রিপোর্টে আভাস দেওয়া হয় যে অব্যাহত অর্থনৈতিক সংকটে স্বল্পোন্নত দেশগুলোর রপ্তানির চাহিদা কমে যাবে। এতে স্বল্পোন্নত দেশগুলোর প্রতি রপ্তানিতে বৈচিত্র আনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিদেশি ঋণের ওপর ব্যাপক নির্ভরশীলতা কমিয়ে অভ্যন্তরীণ বিনিয়োগের বৃহত্তর উৎস খুঁজে বের করার ওপরও গুরুত্ব দেওয়া হয় রিপোর্টে। এতে হুঁশিয়ার করে দিয়ে বলা হয়, বাংলাদেশের বৈদেশিক উন্নয়ন সহায়তায় (ওডিএ) ঋণের অংশ বাড়ছে। আঙ্কটাডের উপাত্ত অনুযায়ী, বাংলাদেশের ঋণ ও অনুদানের অনুপাত ৬৪ : ৩৬। সামষ্টিক অর্থনৈতিক প্রসঙ্গে আঙ্কটাড জানায়, বাংলাদেশের উচ্চ সুদের হার উদ্বেগজনক। প্রতিবেদনে বলা হয়, সরকারি ও বেসরকারি বিনিয়োগ খরচ বেড়ে যাবে বলে ৯.৪ শতাংশ প্রকৃত সুদের হার বাংলাদেশের দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধিতে সংকটের সৃষ্টি করতে পারে। ফাহমিদা খাতুন বলেন, বাংলাদেশে মূদ্রাস্ফীতির হার ও চলতি হিসাব ভারসাম্যের মতো কিছু বিষয়ের মাত্রা স্বল্পোন্নত দেশগুলোর গড় হারের চেয়ে বেশি। আঙ্কটাড মনে করে ২০২৪ সাল নাগাদ বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে আসবে। কিন্তু সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য এই মতের সঙ্গে একমত নন। সাংবাদিকদের তিনি বলেন, রিপোর্টের পরামর্শ অনুযায়ী নীতিমালায় সংস্কার ও প্রাতিষ্ঠানিক সামর্থ্য বাড়ানো হলে ২০১৫ সাল নাগাদই বাংলাদেশের এলডিসি থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিআর/এসকে/২৩৫৫ঘ.