২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণখেলাপীর সংজ্ঞা পুননির্ধারণের কাজ চলছে: গভর্নর

ঋণ খেলাপের বিষয়ে কিছুটা অসঙ্গতি রয়েছে মন্তব্য করে কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর আতিউর রহমান বলেছেন, খেলাপীর সংজ্ঞা পুনর্র্নিধারণে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2009, 05:32 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

চট্টগ্রাম, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঋণ খেলাপের বিষয়ে কিছুটা অসঙ্গতি রয়েছে মন্তব্য করে কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর আতিউর রহমান বলেছেন, খেলাপীর সংজ্ঞা পুনর্র্নিধারণে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। গর্ভনর হিসেবে দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে এ অঞ্চলের ব্যাংক প্রধানদের সঙ্গে বৈঠকে আতিউর রহমান এ কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম শাখা মিলনায়তনে এ বৈঠক হয়। গভর্নর বলেন, "অর্থনৈতিক মন্দার কারণে যেসব প্রতিষ্ঠান সত্যিকার অর্থে বিপদে পড়েছে এবং খেলাপী হয়েছে তাদের জন্য বিশেষ সুযোগ রাখা হয়েছে। তবে কেউ কেউ মন্দার অজুহাতে নিজেদের খেলাপী হিসেবে চিহ্নিত করছে। সেগুলোর জন্য কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় আলাদাভাবে নজর রাখছে।" রাজনৈতিক ও মালিকপক্ষের চাপ বা নিজস্ব সীমাবদ্ধতার কারণে একক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বড় অঙ্কের ঋণ দিয়ে কোন ব্যাংক যাতে ঝুঁকির মধ্যে না পড়ে সেজন্য সতর্ক থাকারও পরামর্শ দেন গর্ভনর। আতিউর রহমান বলেন, "চাপের কাছে নতি স্বীকার করে প্রায়ই একক ঋণগ্রহীতাকে বড় অঙ্কের ঋণ দিয়ে সংশ্লিষ্ট ব্যাংককে সঙ্কটে পড়তে দেখা যায়। সেজন্য ঝুঁকিপূর্ণ ঋণ দেওয়ার চেয়ে বর্তমান বিশ্ব মন্দায় সহনীয় মাত্রায় ঋণ বিতরণ করে সম্পদ সৃষ্টি করতে হবে।" মন্দার কারণে প্রতিটি ব্যাংককে পৃথক ও স্বাধীন 'ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট' গঠনের নির্দেশ দিয়ে তিনি বলেন, এসব ইউনিট ব্যাংকগুলো যাতে ঝুঁকির মধ্যে না পড়ে সেজন্য তথ্য ও উপাত্ত তৈরি করে পরিচালনা পর্ষদকে সতর্ক করবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকও কেন্দ্রীয়ভাবে একটি 'ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট' গঠনে কাজ শুরু করেছে। বিভিন্ন ব্যাংকের ইউনিট কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবে। বর্তমানে দেশের ব্যাংকগুলোর মধ্যে মাত্র পাঁচ থেকে ১০ শতাংশের ঝুঁকি ব্যবস্থাপনার প্রস্তুতি রয়েছে জানিয়ে গর্ভনর বলেন, অন্য ব্যাংকগুলোর ঝুঁকি মোকাবেলায় কোন প্রস্তুতি নেই। তিনি বলেন, দু-একটি ব্যাংকের কারণে পুরো খাত যাতে ঝুঁকির মধ্যে চলে না যায় সেজন্য কেন্দ্রীয় ব্যাংক কঠোরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আগামী নভেম্বরের মধ্যে দেশের সবগুলো ব্যাংককে 'অটোমেটেড ক্লিয়ারিং হাউজ' এর অধীনে আসতে কাজ করার নির্দেশ দিয়ে আতিউর রহমান বলেন, এখন পাঁচ দিনের মধ্যে সিআইবি (কেন্দ্রীয় তথ্য সেল) প্রতিবেদন পাওয়া যাচ্ছে। আগামী এক বছরের মধ্যে তা এক থেকে পাঁচ মিনিটের মধ্যে দেওয়ার জন্য কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। পরে বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় কেন্দ্রীয় ব্যাংক প্রধান গ্রামীণ অর্থনীতিকে অগ্রাধিকার দিতে বর্ধিত কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ ও সব ব্যাংকের কৃষি ঋণ বিতরণ বাধ্যতামূলক করার কথা উল্লেখ করেন। বিদেশি ব্যাংকগুলোও কৃষি ঋণ বিতরণে কাজ করবে জানিয়ে তিনি বলেন, "দেশের জনগণের টাকা জামানত নিয়ে তারা ব্যবসা করবে, কিন্তু সাধারণ মানুষ তাদের সেবা পাবে না তা চলতে দেওয়া হবে না।" চট্টগ্রামকে দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র উল্লেখ করে আতিউর রহমান আরও বলেন, বর্তমানে দেশের মোট ঋণের মাত্র ১৮ শতাংশ পায় চট্টগ্রাম। ঢাকায় দেওয়া হয় ৬৬ শতাংশ। বন্দরনগরীতে ঋণের প্রবাহ বাড়াতে অনেক কিছু করার রয়েছে। গর্ভনর তার একদিনের সফরে সকালে কেন্দ্রীয় ব্যাংকের চট্টগ্রাম শাখার কর্মকর্তা-কর্মচারী এবং বিকেলে এ অঞ্চলের এনজিও কর্মকর্তাদের সঙ্গে আলাদা বৈঠক করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএনএস/এসকে/২৩২৯ঘ.