ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা ও শরীয়তপুরে পদ্মা এবং মেঘনা নদীর ভাঙন আরও তীব্র হয়েছে। গত চারদিনে দুটি জেলার বিভিন্ন এলাকার কয়েকশ' পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। জমি ও ঘর-বাড়ি ছাড়াও ভাঙনের হুমকিতে রয়েছে বাজার, চিকিৎসাকেন্দ্র, শহররক্ষা বাঁধ, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন অবকাঠামো।
ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন পরিষদ ভবনের বেশির ভাগ অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। উপজেলার শিবপুর স্লুইজ গেট, ১০টি শিক্ষা প্রতিষ্ঠান, পাঁচটি কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক ভাঙনের মুখে রয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার প্রবল বৃষ্টির মধ্যে অনেক পরিবারকে ভাঙন এলাকা থেকে ঘর-বাড়ি সরিয়ে নিতে দেখা গেছে।
শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলায় পদ্মা এবং ভেদেরগঞ্জ উপজেলায় মেঘনার ভাঙনে ঢাকা-শরীয়তপুর মহাসড়কের মঙ্গলমাঝি ফেরিঘাটসহ ২০টি বাজার এবং ৪০টি গ্রাম হুমকির মুখে আছে। পদ্মা-মেঘনার নদী তীরবর্তী ১৬০টি ব্যবসা প্রতিষ্ঠান অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ৪০টি গ্রামের ২০০টি পরিবার ভাঙনের শিকার হয়ে নিরাপদ দূরত্বে সরে গেছে।
ইতোমধ্যে নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের একটি অংশ, পাঁচগাও গ্রামের চন্ডীপুর বাজার, পাঁচগাও সেতু, দুলারচর বাজারের কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
ভোলা: ঢলের পানির চাপে ভোলার ৪০টি স্থানে মেঘনা নদীতে ভাঙন তীব্র হয়েছে। মারাত্মক হুমকির মুখে রয়েছে জেলা শহররক্ষা বাঁধ।
হুমকির মুখে থাকা এলাকাগুলো হলো- ভোলা সদর উপজেলার কালিকীর্তি, বঙ্গের চর, ইলিশা ফেরীঘাটে, কাচিয়া গুড়া মিয়ার হাট, কাঠির মাথা, ভেদুরিয়া লঞ্চঘাট, বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ স্বরাজগঞ্জ, হাকিমুদ্দিন, বাটামারা, মনপুরা উপজেলার হাজিরহাট, মাষ্টারহাট, কাচাখালী দোন, লালমোহন উপজেলার লর্ডহাার্ডিন্স, ধলিগৌরনগর, বেতুয়ার দোন, চরফ্যাশনের চরমাদ্রাজ।
তজুমদ্দিন উপজেলার ৫টি সরকারি ও ৫টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ভাঙনের মুখে পড়ায় নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা কালিকীর্তি গ্রামে গিয়ে দেখা যায়, ভাঙ্গনের মুখে থাকা কয়েকশ' পরিবার তাদের ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে।
সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ সাংবাদিকদের নিয়ে শিবপুর, কাচিয়াসহ ভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
ভোলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. ফেরদৌস জানান. তিনি ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। পানির চাপে যাতে শহররক্ষা বাঁধের কোন সমস্যা না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে পাউবোর সংশ্লিষ্ট শাখা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
শরীয়তপুর: গত কয়েকদিনের ভাঙনে জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নে মঙ্গলমাঝি ফেরিঘাট, লঞ্চঘাট, ট্রলারঘাটের প্রায় ৫০মিটার জায়গা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
ভেদেরগঞ্জ উপজেলায় মেঘনা তীরবর্তী আনন্দ বাজার, উত্তর তারাবুনিয়া, চেয়ারম্যান স্টেশন বাজার, চরভাগা নতুন বাজার, চরসেনসাস আলুর বাজার, নড়িয়া উপজেলার কুন্ডেরচর বাজার, পালের চর বাজার, ওয়াপদা বাজার, বিলাসপুর পুরান বাজারসহ ২০টি বাজার হুমকির মুখে রয়েছে।
এ ছাড়া হুমকির মুখে আছে নড়িয়া উপজেলার পাঁচগাও, চন্ডিপুর, মাঝিরকান্দি, মুনসেফ মোল্যার কান্দি, ওকুলউদ্দিন মুন্সি কান্দিসহ ৪০টি গ্রাম।
মঙ্গলমাঝি ফেরিঘাটের সংযোগ সড়কে ভাঙনের সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন ওঠানামা করছে। ফেরিঘাট থেকে মহাসড়ক পর্যন্ত প্রায় ৬০মিটার পাকা সড়ক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে ফেরির পন্টুন।
মঙ্গলমাঝি ফেরিঘাটের ব্যবসায়ী সোবাহান বেপারী (৫০), হাতেমালী মাদবর (৫৫), খোকন বেপারী (৬০) জানান, পদ্মা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন বাড়ছে। ভাঙনের কারণে তাদের ব্যবসা প্রতিষ্ঠান অন্যত্র সরিয়ে নিতে হচ্ছে।
তারা জানান, গত দু'বছরে পাঁচবার ভাঙনের কবলে পড়েছেন তারা। এতে তারা নিঃস্ব হয়ে গেছেন বলেও জানান।
ভেদেরগঞ্জের উত্তর তারাবুনিয়া এলাকার সিকদার মামুন (৪৪), মোশারফ পেদা (৩৩) জানান, তাদের ফসলি জমি মেঘনায় বিলীন হয়ে গেছে। শুধুমাত্র ঘর ভেঙে অন্যত্র সরিয়ে নিতে পেরেছেন তারা। প্রতি বছর বর্ষা মৌসুমে এ অঞ্চলে ব্যাপক ভাঙন দেখা দেয়।
তারা অভিযোগ করেন, ভাঙন রোধে প্রশাসন কোন ব্যবস্থা নেয় না।
নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের পাশের বাসিন্দা মরিয়ম বিবি (৪৫) অভিযোগ করেন, ভাঙন শুরুর হলেও এখন পর্যন্ত কোন রাজনৈতিক দলের নেতা তাদের এলাকায় আসেননি।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ আহম্মেদ সাংবাদিকদের বলেন, যদি কোন কারণে পদ্মা নদী তার গতি পরিবর্তন করে এবং ভাঙন তীব্র হয় তাহলে নদী তীরবর্তী গ্রাম, বাজার, ১১টি শিক্ষা প্রতিষ্ঠান, একটি পারিবারিক স্বাস্থ্য কেন্দ্র হুমকির সম্মুখীন হতে পারে।
তবে পদ্মা সেতু ও নদী শাসনের কাজ শুরু হলে ভয়াবহ এ ভাঙন কিছুটা হলেও রোধ করা যাবে বলে তিনি মনে করেন।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাঈদ আহমেদ বলেন, "ফেরি ঘাটটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দেখাশোনা করে। ভাঙন রোধের তারা আমাদের সহযোগিতা চাইলে আমরা উদ্যোগ নেব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমআই/১০৩৬ ঘ.
bdnews24