২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর ও সাতক্ষীরা সীমান্তে বিএসএফ'র গুলি

দিনাজপুরের ফুলবাড়ী ও চিরিরবন্দর সীমান্ত এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে বৃহস্পতিবার ভোররাতে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী- বিএসএফ গুলি বর্ষণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2009, 02:57 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুরের ফুলবাড়ী ও চিরিরবন্দর সীমান্ত এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে বৃহস্পতিবার ভোররাতে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী- বিএসএফ গুলি বর্ষণ করেছে। এর মধ্যে ফুলবাড়ী সীমান্তে তিন রাউন্ড, চিরিরবন্দরে পাঁচ এবং কাকডাঙ্গা সীমান্তে এক রাউন্ড গুলি বর্ষণ করা হয়। এতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় বাংলাদেশ রাইফেলস- বিডিআর'র পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। রোববার ঢাকায় বিডিআর-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে তিন দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হওয়ার দিনই দিনাজপুর ও সাতক্ষীরা সীমান্তে বিএসএফ'র গুলিতে দুই বাংলাদেশি নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: দিনাজপুর: রাত সাড়ে ৩টার দিকে ফুলবাড়ীর তাজপুর সীমান্তে ভারতের ১৫০ গজ অভ্যন্তর থেকে বাসন্তীপুর ক্যাম্পের বিএসএফ'র একটি টহল দল পরপর তিন রাউন্ড গুলি বর্ষণ করে। স্থানীয়রা জানায়, তাজপুর গ্রামের বাসিন্দা আকমল হকের বাড়ি লক্ষ্য করে গুলি করা হয়। বাড়ির সদস্যরা আতঙ্কে অন্যত্র সরে যায়। রাত ৪টার দিকে চিরিরবন্দর উপজেলার সীমান্তবর্তী চিকন ডাঙ্গা সীমান্তের ওপারের ভারতের সামজিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা পাঁচ রাউন্ড গুলি বর্ষণ করে। এসব গুলি গ্রামের আছিরউদ্দিন ও মহিরউদ্দিনের বাড়িতে এসে পড়লে লোকজন চিৎকার শুরু করে। আতঙ্ক দেখা দেয় গ্রামবাসীর মধ্যে। গুলি বর্ষণের বিষয়টি জানতে পেরে আমতলী ক্যাম্পের বিডিআর'র একটি টহলদল ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীকে শান্ত করে। ৪০ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম জানান, দুপুরে তিনি দুটি সীমান্ত পরিদর্শন করেছেন। গুলি বর্ষণের ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে ভারতের বালুরঘাট এলাকার বিএসএফ'র ৬৯ ব্যাটালিয়ন অধিনায়ককে চিঠি দিয়েছেন। সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে বিএসএফ এক রাউন্ড গুলি ছুড়েছে। বিডিআর ৪১ রাইফেলস ব্যাটেলিয়নের উপসহকারী পরিচালক (ডিএডি) মাহবুবুর রশিদ জানান, ভোররাতে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতের তারালি বিএসএফ ক্যাম্পের সদস্যরা বিনা উস্কানিতে সীমান্ত এলাকায় এক রাউন্ড গুলি ছোড়ে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৪ ঘ.