ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর বারিধারা ডিওএইচএস এ একটি বায়িং হাউজ থেকে ৫০ লাখ টাকা চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসনে আরা জানান, বারিধারা ডিওএইচএস এর ৫ নম্বর রোডের ৩৪১ নম্বর বাড়ির দোতলায় অবস্থিত 'জাসটেক্স লিমিটেড' থেকে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে চুরি হয়।
কর্তৃপক্ষকে উদ্ধৃত করে হোসনে আরা বলেন, বৃহস্পতিবার সকালে একজন কর্মী অফিস খুলে দেখে পেছনের গ্রীলকাটা এবং হিসাব শাখার কক্ষের দরজা খোলা। এরপর প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা ছুটে আসেন। ওসি জানান দুর্বৃত্তরা সিন্দুকের তালা ভেঙে ৫০ লাখ টাকা নিয়ে গেছে বলে প্রতিষ্ঠানটি অভিযোগ করেছে।
এ ঘটনায় জাসটেক্স এর পক্ষ থেকে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি তদন্তে ভবনের দারোয়ানসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২১৪৭ঘ.
bdnews24