ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইট, বালু, সিমেন্টসহ নির্মাণ সামগ্রী সরবরাহকারীদের কাছে থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায়ের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব।
রিহ্যাবের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে এ বিষয়ে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
আবাসন ব্যবসায়ীদের আবেদন প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত পরে সাংবাদিকদের জানান, তাদের দাবির বিষয়টি বিবেচনা করা হবে। পরীক্ষা-নিরীক্ষা করে সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
সাক্ষাৎ ও বৈঠক প্রসঙ্গে রিহ্যাব সভাপতি তানভীরুল হক প্রবাল সাংবাদিকদের জানান, রিহ্যাবের প্রতিটি সদস্যই নিজেদের ভ্যাট পরিশোধ করছে। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইট, বালু ও সিমেন্টসহ নির্মাণ সামগ্রী বিক্রেতাদের কাছ থেকে ভ্যাট আদায় করার দায়িত্বও রিহ্যাবকে দিয়েছে।
সভাপতি বলেন, এটিকে রিহ্যাবের জন্য 'একটি বাড়তি চাপ' আখ্যায়িত করে তারা এ দায়িত্ব পালনে অপারগতার কথা অর্থমন্ত্রীকে জানিয়েছেন।
বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার পর ফ্ল্যাটের দাম বাড়ার অভিযোগ প্রসঙ্গে রিহ্যাব সভাপতি বলেন, "এ ধরণের কোন মূল্য বৃদ্ধি করেনি রিহ্যাব। তবে কোথাও কোথাও নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির কারণে ফ্ল্যাটের মূল্যও বেড়ে গেছে।
এদিকে শেয়ার বাজারে বিনিয়োগের পরিমাণ জানতে চেয়ে ব্যাংকগুলোর কাছে দেওয়া বাংলাদেশ ব্যাংকের চিঠি প্রসঙ্গে অর্থমন্ত্রী এসময় বলেন, ব্যাংকগুলোর আর্থিক শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক এ ধরণের চিঠি দিতে পারে। এটি একান্তই তাদের নিজস্ব ব্যাপার। এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের কিছু বলার নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২০৪৩ঘ.
bdnews24