সিরাজগঞ্জ, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন তদন্ত কমিটির সদস্যরা।
বৃহস্পতিবার দুপুরে তারা বাঁধের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। কমিটির সদস্যরা স্থানীয় লোকজন, পাউবোর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তারা ভাঙন রোধে পাউবোর বর্তমান ব্যবস্থা নিয়েও মতবিনিময় করেন।
গত শুক্রবার সকালে যমুনা নদীর প্রবল ঘূর্ণাবর্তে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকায় ভাঙন দেখা দেয়। বিকেল পর্যন্ত ছয়শ' ফুট এলাকা ধসে যায়। বালির বস্তা এবং কংক্রিটের ব্লক ফেলে পরিস্থিতি আপাত সামাল দেওয়া হয়।
ধস অনুসন্ধানে সোমবার সরকার ছয় সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
পাউবোর অতিরিক্ত মহাপরিচালক মো. হাবিবুর রহমান নেতৃত্বাধীন কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল অনুষদের ডিন ড. মো. মনোয়ার হোসেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব তসলীমুল ইসলাম, অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনা বিভাগের (আইডব্লিউএম) নির্বাহী পরিচালক এমাদ উদ্দিন আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নকশা বিভাগের প্রধান প্রকৌশলী জসীম উদ্দিন আহমেদ ও নির্বাহী প্রকৌশলী মো. মোতাহার হোসেন।
পরিদর্শন শেষে ড. মনোয়ার সাংবাদিকদের বলেন, বাঁধটি তৈরির পরপরই এর একটি অংশ ধসে গিয়েছিল। নদীর ঘূর্ণাবর্তের কারণে বাঁধে গর্ত সৃষ্টি হওয়ায় ওই অংশটি ধসে পড়েছিল। এবারও সে রকম গর্ত সৃষ্টি হলো কিনা সেটা তারা দেখতে এসেছেন। কিংবা নদীর ঘূর্ণাবর্তে ভাঙন হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪২ ঘ.
bdnews24