ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় সাবেক প্রধান বন সংরক্ষক মুন্সী আনোয়ারুল ইসলামকে ৮ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোজাম্মেল হোসাইন এ রায় দেন।
একইসঙ্গে রায়ে আনেয়ারুলকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে যা অনাদায়ে তাকে অতিরিক্ত তিন মাস সাজা ভোগ করতে হবে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস এম শহীদুর রহমান ২০০৭ সালের অক্টোবর মাসে রমনা থানায় এ মামলাটি করেন। পরে আনোয়ারুলকে গ্রেপ্তার করা হয়।
রায়ে বলা হয়, আনোয়ারুল জ্ঞাত আয় বহির্ভূতভাবে ২ কোটি ৮ লাখ ৫৯ হাজার ২৯ টাকার সম্পদ অর্জন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/১৯০২ঘ.
bdnews24