২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ হাজার শ্রমিক ফেরত পাঠাচ্ছে মরিশাস

মন্দার কবলে পড়া বস্ত্রখাতের স্থানীয় শ্রমিকদের চাকরি রক্ষায় প্রায় ৬ হাজার বাংলাদেশীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মরিশাস সরকার। তবে এ বিষয়ক তথ্য না পাওয়ার কথা স্বীকার করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ইলিয়াস আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, এক্ষেত্রে সরকারের খুব বেশি করার কিছু না থাকলেও চেষ্টা চালানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2009, 10:44 AM

Updated : 26 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্দার কবলে পড়া বস্ত্রখাতের স্থানীয় শ্রমিকদের চাকরি রক্ষায় প্রায় ৬ হাজার বাংলাদেশীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মরিশাস সরকার। তবে এ বিষয়ক তথ্য না পাওয়ার কথা স্বীকার করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ইলিয়াস আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, এক্ষেত্রে সরকারের খুব বেশি করার কিছু না থাকলেও চেষ্টা চালানো হবে। মরিসাসের ট্রেড ইউনিয়ন নেতারা জানিয়েছেন, এসব বাংলাদেশী পুরুষ শ্রমিককে আগামী ছয় মাসের মধ্যে মরিশাস ছাড়তে বলা হয়েছে। এদের প্রায় ৪ হাজার শ্রমিক বস্ত্র কারখানায় কাজ করেন। আগামী ডিসেম্বরের মধ্যেই এসব শ্রমিককে বাংলাদেশে ফিরতে হবে। মরিশাসের কনফেডারেশন ফর প্রাইভেট সেক্টর ওয়ার্কার্স এর সভাপতি রিয়াজ ছুট্টো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, "অর্থনৈতিক মন্দার কারণে বস্ত্র খাত ক্ষতির সম্মুখীন হয়েছে এবং টিকে থাকার জন্য কিছু কোম্পানির শ্রমিক ছাঁটাই করা প্রয়োজন। তাই সরকার বাংলাদেশীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।" টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এলাইড ইন্ডাস্ট্রিজ ওয়ার্কার্স ইউনিয়নের চেয়ারম্যান ফয়সাল আলী বেগান বলেন, "যদি মরিশাসের জনগণকে আরও বেশি করে চাকরি দিতে স্থানীয় ফার্মগুলোকে উৎসাহ দেওয়া এবং বেকারত্বের হার কমানোর জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে আমি তা মানব। কিন্তু শ্রম আইন সংস্কার করে যেভাবে শ্রমিক ছাঁটাই প্রক্রিয়া সহজ করা হয়েছে, তাতে এ খাতে স্থানীয়রা আর আগ্রহী হবে না।" মরিশাসের শ্রমমন্ত্রী জ্যঁ ফ্রঁসয়া শমিয়ে শ্রমিক ছাঁটাইয়ের বিষয়টি সরকারি সিদ্ধন্ত বলে উল্লেখ করে বলেন, "দেশে ফেরত যাওয়ার আগে শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়টি আমরা নিশ্চিত করবো।" সচিব ইলিয়াস আহমেদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বিষয়ে এখন পর্যন্ত কোনও তথ্য সরকারের জানা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছ থেকেই আমি প্রথম এ তথ্য জেনেছি। এ ব্যাপারে সংশ্লিষ্ট চ্যানেলে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" মরিশাসে বাংলাদেশের কোনও দূতাবাস কিংবা কূটনৈতিক মিশন না থাকার কথা জানিয়ে সচিব বলেন, "কোম্পানি টু কোম্পানি চুক্তির ভিত্তিতে বাংলাদেশী শ্রমিকরা সেখানে গেছেন। হয়তো তাদের চাকরির মেয়াদ শেষ হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে সরকারের তেমন কিছুই করার নেই।" তারপরও শ্রমিকদের যেন ফিরতে না হয় সেজন্য সরকার চেষ্টা করবে বলে জানান ইলিয়াস আহমেদ। ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মরিশাসের কেন্দ্রীয় পরিসংখ্যান কার্যালয়ের তথ্য অনুযায়ী, দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি বস্ত্রখাত। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সাড়ে ৬ শতাংশ আসে এ খাত থেকে। এছাড়া মোট কর্মসংস্থানের ১১ শতাংশ চাহিদা মেটায় এ খাত। কর্মসংস্থান বাড়াতে গত বছরের ডিসেম্বর মাসে ৩২ কোটি ডলারের প্রণোদনা কর্মসূচি নেয় মরিশাস সরকার। এরপরও এ বছরের প্রথম তিন মাসে দেশটিতে বেকারত্বের হার বেড়ে ৮ শতাংশে দাঁড়ায়। অথচ আগের বছরের শেষ তিন মাসে এ হার ছিল ৬ দশমিক ২ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এএল/এমআই/১৮০৫ ঘ.