২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তের ইছামতি নদী থেকে বাংলাদেশির লাশ উদ্ধার

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ছুটিপুর সীমান্তের ইছামতি নদী থেকে মঙ্গলবার বিকেলে রমজান আলী (২৭) নামে এক বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। রমজান জেলার কালীগঞ্জ উপজেলার সেয়ারা গ্রামের বাহার আলী গাজীর ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2009, 04:27 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

সাতক্ষীরা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার দেবহাটা উপজেলার ছুটিপুর সীমান্তের ইছামতি নদী থেকে মঙ্গলবার বিকেলে রমজান আলী (২৭) নামে এক বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। রমজান জেলার কালীগঞ্জ উপজেলার সেয়ারা গ্রামের বাহার আলী গাজীর ছেলে। ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী-বিএসএফ জওয়ানরা নির্যাতন করে রমজানকে হত্যা করেছে বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। নিহতের বড়ভাই শওকাত আলী জানান, গত ৭ জুলাই রাতে রমজানসহ তিনজন ভারত থেকে গরু নিয়ে ইছামতি নদী সাঁতরে দেশে ফিরছিলেন। ভারতের হাসনাবাদ বিএসএফ ক্যাম্পের টহলদল স্পিড বোট নিয়ে তাদের ধাওয়া করে। এক পর্যায়ে রমজান আলীকে ধরে নিয়ে নির্যাতন চালিয়ে নদীতে ফেলে দেয়। নদীতে লাশ ভাসছে শুনে মঙ্গলবার বিকেলে তারা ছুটিপুর গিয়ে রমজানকে শনাক্ত করেন। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন জানান, ময়না তদন্তের জন্য রমজানের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে বিএসএফ জওয়ানদের নির্যাতনে রমজানের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৮ ঘ.