২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতিদের বিব্রত হওয়া থেকে জাতি রেহাই পাবে: আইনমন্ত্রী

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন চার বিচারপতি নিয়োগের ফলে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে বিচারপতিদের বিব্রত হওয়া থেকে জাতি রেহাই পাবে বলে মনে করেন আইনমন্ত্রী শফিক আহমেদ। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2009, 02:45 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন চার বিচারপতি নিয়োগের ফলে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে বিচারপতিদের বিব্রত হওয়া থেকে জাতি রেহাই পাবে বলে মনে করেন আইনমন্ত্রী শফিক আহমেদ। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, "চার জন নতুন বিচারপতি নিয়োগের পর এখন জাতি বিচারপতিদের বিব্রত হওয়া থেকে রেহাই পাবে।" এদিন দুপুরে বিচারপতি বি কে দাস, বিচারপতি এ বি এম খায়রুল হক, বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। বঙ্গবন্ধু হত্যা মামলা প্রসঙ্গে শফিক আহমেদ বলেন, জাতির দীর্ঘ দিনের প্রত্যাশা বঙ্গবন্ধু হত্যার বিচার হোক। এ চারজন বিচারপতি নিয়োগে ওই মামলার রায় দ্রুত কার্যকর হবে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে। অল্প কয়েক দিনের মধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলাটি সুপ্রিম কোর্টের কার্য তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি। নতুন বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতা লংঘন হয়েছে কিনা- এই প্রশ্নের জবাবে আইনমন্ত্রী 'না সূচক' মন্তব্য করে বলেন, "অতীতে যেভাবে আইন অনুযায়ী বিচারপতিদের নিয়োগ দেওয়া হয়েছে, এবারো সেভাবেই হয়েছে। রাষ্ট্রপতি তার ক্ষমতাবলে এ নিয়োগ দিয়েছেন।" ৩৩ বছর আগে সংঘটিত বন্ধবন্ধু হত্যা মামলার বিচার এখনও চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি। প্রয়োজনীয় সংখ্যক বিচারপতির অভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির নিয়মিত আপিলের শুনানি সুপ্রিম কোর্টে বিচারাধীন এক বছরের বেশি সময়। নিয়ম অনুযায়ী, আপিল বিভাগের তিনজন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ কোনও আবেদন শুনানির জন্য গ্রহণ করতে পারে। কিন্তু সুপ্রিম কোর্টের প্রচলিত বিধান অনুযায়ী, হাইকোর্টে যে বিচারপতি মামলার শুনানি নিয়েছেন, ওই বিচারপতি আপিল বিভাগে নিয়োগ পেলে ওই মামলার শুনানি নিতে পারেন না। ফলে বঙ্গবন্ধু হত্যা মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি ঝুলে রয়েছে। এর আগে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর আপিল বিভাগে দুজন বিচারপতি নিয়োগ দিয়েছিল। এবার দেওয়া হলো আরও চারজনকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এইচএ/২০৫২ ঘ.