ফেনী, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেনী জেলা ছাত্রলীগ সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবীর রতনের ওপর হামলার প্রতিবাদে তার সমর্থকরা মঙ্গলবার দুপুরে দুই ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে।
দুপুর ৩টার দিকে মহীপাল এলাকায় তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা সমাবেশও করে।
সকালে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার (এসএসকে) সড়কে মার্কেন্টাইল ব্যাংকে টাকা জমা দিতে গেলে তার ওপর হামলা হয়। এতে তিনি সামান্য আহত হন।
এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
হামলার প্রতিবাদে উপজেলা চেয়ারম্যান দিদারের সমর্থকরা মহীপাল এলাকায় দুপুর ৩টা থেকে ৫টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে।
অবরোধকালে রাস্তার দু'পাশে কয়েক হাজার যানবাহন আটকা পড়ে বলে ট্রাফিক সার্জেন্ট সাখাওয়াত হোসেন জানান।
বিকেল ৫টায় অতিরিক্ত পুলিশ সুপার ইলিয়াস শরীফ দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ফেনী শাখা মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপক মোসাদ্দেক হোসেন জানান, বেলা ১১টা ৪৫ মিনিটে দিদারুল কবীর টাকা জমা দিতে ব্যাংকে আসেন। এ সময় ২৫ থেকে ৩০ জন যুবক তার ওপর হামলা চালায়।
ব্যাংকের ব্যবস্থাপক জানান, তারা এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
দিদার অভিযোগ করেন, জেলা ছাত্রলী নেতা এনামুল হক মাসুদ, কাজী জাহিদ, নিজাম উদ্দিন পাটোয়ারী, রাসেল হাজারী ও অপু রশীদের নেতৃত্বে জয়নাল হাজারীপন্থী গ্র"পের কর্মীরা তার ওপর হামলা চালিয়েছে।
অবরোধের সময় জেলা ছাত্রলীগ সহভাপতি হারুন উর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা হামলাকারীদের জয়নাল হাজারী গ্র"পের বলে উল্লেখ করে তাদের শাস্তি দাবি করেন।
ফেনী সদর থানার উপ-পরিদর্শক ইসমাইল হোসেন জানান, হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফেনী কলেজ ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক রাসেল হাজারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/ ১৯০৩ ঘ.
bdnews24