ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত এনবিআরের সাবেক পরিচালক জহুরুল হক এবং তার স্ত্রী আফিয়া হককে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তারা দুজন মহানগর বিশেষ জজ আদালত-৩ এ আত্মসমর্পণ করেন। বিচারক মোজাম্মেল হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।
অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় জহুরুল হকের ১৩ বছর সাজা হয়। স্বামীর দুর্নীতিতে সহায়তা করায় আফিয়া হককে ৩ বছর সাজা দেয় আদালত।
জরুরি অবস্থার মধ্যেই এ মামলা দায়ের এবং রায় হয়। রায়ের সময় এ দম্পতি পলাতক ছিলেন।
২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পর সন্দেহভাজন দুর্নীতিবাজদের যে প্রথম তালিকা হয়, তাতে জহুরুল হকের নাম ছিল।
২০০৮ সালের ৯ জানুয়ারি তার বিরুদ্ধে রমনা থানায় জহুরুল দম্পতির বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন।
মামলায় অভিযোগ করা হয়, জহুরুলের ১ কোটি ৫২ লাখ টাকার অবৈধ সম্পদ রয়েছে। এছাড়া কমিশনে জমা দেওয়া হিসাবে তিনি ৯২ লাখ ৯৪ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
স্বামীর অবৈধ সম্পদ অর্জনে সহায়তার অভিযোগ আনা হয় আফিয়া হকের বিরুদ্ধে।
২০০৮ সালের ১৩ নভেম্বর সংসদ ভবনে স্থাপিত বিশেষ আদালতে তাদের বিরুদ্ধে রায় হয়।
একই ধরনের দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান আলমগীরের দণ্ডাদেশ সোমবার বাতিল করেছে হাইকোর্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৩২৩ ঘ.
bdnews24