ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মিরপুর ১ নম্বর সেকশনে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ও ৭ জন আহত হওয়ার পর সোমবারই এ ব্যবস্থা নেওয়া হয়। ওই দিন মিরপুর সেনাপাড়ায়ও সন্ত্রাসী হামলায় দুজন গুলিবিদ্ধ হন।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ইকবাল হোসেন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে নাজিম উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং থানার অপারেশন কর্মকর্তা (দ্বিতীয় কর্মকর্তা) শাহজাহান খানকে দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয়।
ইকবাল হোসেন বলেন, "মিরপুর এলাকায় সন্ত্রাস নিয়ন্ত্রণে ব্যর্থতা, বিভিন্ন ব্যক্তির সঙ্গে অসদাচরণসহ নাজিম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।"
শাহজাহান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার মধ্যরাতে তিনি নাজিম উদ্দিনের কাছ থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব সাময়িকভাবে বুঝে পেয়েছেন। নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা যোগদান করলে তাকে দায়িত্ব বুঝে দেওয়া হবে।
সোমবার রাজধানীর গুলশান ও নিউ মার্কেট থানার ওসিসহ মহানগর পুলিশের ছয়টি পরিদর্শক পদেও রদবদল হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এমআই/১৪৩৭ ঘ.
bdnews24