রাজশাহী, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা পরিষদ আইন সংশোধনসহ সাত দফা দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে রাজশাহী বিভাগের উপজেলা ভাইস চেয়ারম্যানরা।
রাজশাহী বিভাগীয় কমিশনারের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান পরিষদের রাজশাহী বিভাগের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ হোসেন লুকুর নেতৃত্বে সোমবার দুপুরে তারা বিভাগীয় কমিশনারের হাতে স্মারকলিপি তুলে দেন।
পরিষদের দাবিগুলো হল- সংবিধানের আলোকে উপজেলা পরিষদ আইন সংশোধন, চেয়ারম্যানের অনুপস্থিতিতে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালনের সুযোগ, আর্থিক ও উন্নয়নমূলকসহ সব কার্যক্রমে ভাইস চেয়ারম্যানদের সম্পৃক্ত করা, ভাইস চেয়ারম্যানদেরও ওয়ারেন্ট অব প্রিসিডেন্স ও প্রটোকল ঘোষণা, সচিবালয়ে ঢোকার জন্য স্থায়ী পরিচয়পত্রের ব্যবস্থা, চেয়ারম্যানদের জন্য বরাদ্দ করা গাড়ি উপজেলা পরিষদের নামে বরাদ্দ এবং চেয়ারম্যানদের পাশাপাশি ভাইস চেয়ারম্যানদেরও আবাসনের ব্যবস্থা করা।
মোহাম্মদ হোসেন লুকু বলেন, নির্বাচিত হওয়ার পর থেকে ভাইস চেয়ারম্যানরা বৈষম্যের শিকার হচ্ছেন। উন্নয়নমূলক কোনো কাজে সম্পৃক্ত না করে তাদের পুরোপুরি বসিয়ে রাখা হয়েছে।
বিভাগীয় কমিশনার হাফিজুর রহমান ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্মারকলিপিটি মঙ্গলবার প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/০১০০ ঘ.
bdnews24