ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মীরপুরে সোমবার দুপুরে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছে। আহত হয়েছে সাতজন।
মীরপুর এক নম্বর সেকশনে সম্প্রতি বস্তি উচ্ছেদ করে গড়ে তোলা 'স্বাধীন বাংলা সুপার মার্কেট' একটি দোকানের ভেতরে এ ঘটনা ঘটে।
গুলিতে সাবেক এক ছাত্রলীগ নেতা নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়লে মীরপুর বাংলা কলেজ শাখা ছাত্রলীগ নেতা-কর্মীরা কলেজের সামনের রাস্তা অবরোধ করে যানবাহন ভাংচুর শুরু করে। পুলিশ বাধা দিলে তাদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের মীরপুর বিভাগের সহকারী কমিশনার মইনুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর আড়াইটার দিকে নিমার্ণাধীন এই মার্কেটের ইসলাম স্টেশনারী অ্যান্ড সেনিট্যারি নামের একটি দোকানে কয়েকজন বসে ছিলেন। তখন ৩/৪ জন সন্ত্রাসী এসে তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়ে মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়।"
গুলিতে আব্দুর রহিম (৪০), সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন লিটুসহ আটজন আহত হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আব্দুর রহিম মারা যান। রহিম সাবেক ছাত্রলীগ নেতা লিটুর ছোটভাই কামালের ডিশ ব্যবসার কর্মচারী ছিলেন। তবে এ ঘটনার পর গুজব ছড়িয়ে পড়ে যে লিটুই নিহত হয়েছেন।
লিটু ও আরও পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লিটু মীরপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি ওই মার্কেট কমিটির সাধারণ সম্পাদক। লিটুকে হত্যা করতেই হামলা করা হয় বলে ধারণা করছেন পুলিশ কর্মকর্তারা।
নগর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোঃ শাহজাহান বলেন, জনতা এক সন্ত্রাসীকে ধাওয়া করলে সে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এসময় দুজনের পায়ে গুলি লাগে।
মীরপুর অঞ্চলের অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার চৌধুরী মঞ্জুরুল করিম বলেন, "কয়েকটি কারণে এ ঘটনা ঘটেছে বলে আমরা ধারণা করছি। মার্কেটের জমি নিয়ে বিরোধের কথাও আমরা জানতে পেরেছি।"
দখল করা জমি নিয়ে বিরোধই হামলার মূল কারণ?
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ঘটনার সময় লিটু ও অন্যরা যেখানে বসে ছিলেন সেই 'স্বাধীন বাংলা সুপার মার্কেট' মাত্র একমাসের মধ্যে তড়িঘড়ি করে নির্মাণ করা হয়। গুরুত্বপূর্ণ এ জায়গায় কোন রকম জামানত ও ভাড়া ছাড়াই প্রতিটি দোকান মাত্র পাঁচহাজার টাকায় বরাদ্দ দেওয়া হয়।
স্থানীয় ব্যবসায়ী জাকির হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার গঠনের পর জানুয়ারিতে মাত্র একমাসের মধ্যে পুলিশের সহায়তায় লিটু ও তার সহযোগিরা বস্তিবাসীদের উচ্ছেদ করে একতলা মার্কেট নির্মাণ করে।
মীরপুর থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, ভারতে পালিয়ে থাকা কথিত শীর্ষ সন্ত্রাসী শাহাদতের বাহিনীর সঙ্গে লিটুর মার্কেটটি নিয়ে বিরোধ ছিল বলে স্থানীয়রা জানিয়েছে। এছাড়া ঝুট ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়েও বিরোধ রয়েছে। ২০০৬ সালে লিটুর ছোটভাই মনুকে শাহাদত বাহিনীর সদস্যরাই প্রকাশ্যে গুলি করে হত্যা করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 'স্বাধীন বাংলা সুপার মার্কেট' কমিটির সভাপতি আবদুল হাই সাংবাদিকদের বলেন, মার্কেট তৈরির পর শাহাদত বাহিনী তাদের কাছে চাঁদা চায়। তা না দেওয়ায় লিটুকে হত্যা করতে গুলি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এসকে/২৩৪৬ঘ.
bdnews24