কিশোরগঞ্জ, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, স্বাধীনতার ৩৮ বছর পরও স্বাধীনতার কাক্সিক্ষত লক্ষ্য অর্জিত হয়নি।
কিশোরগঞ্জের ভৈরবে সোমবার সকালে এক নাগরিক সংবর্ধনায় তিনি বলেন, "স্বাধীনতার ৩৮ বছর পার হওয়ার পরও আমরা স্বাধীনতার সেই কাক্সিক্ষত লক্ষ্য অর্জন করতে পারিনি।"
হাজী আসমত কলেজ মাঠে অনুষ্ঠিত সংবর্ধনায় তিনি আরও বলেন, "গণতন্ত্র ও উন্নয়নের পথ রুদ্ধ করতে জাতির জনককে সপরিবারে হত্যা করা হয়েছে। শেখ হাসিনাকেও বারবার হত্যার পরিকল্পনা করা হয়েছে।"
দেশের উন্নয়ন প্রচেষ্টা এবং গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর নিজ নির্বাচনী এলাকা ভৈরবে এটি ছিল জিল্লুর রহমানের প্রথম সফর।
ভৈরবকে জেলা ঘোষণার লক্ষে 'সর্বাত্মক চেষ্টা' চালিয়ে যাওয়ার প্রতিশ্র"তি দিয়ে রাষ্ট্রপতি বলেন, "দীর্ঘ রাজনৈতিক জীবনে সকল সময় ভৈরবের জনগণ আমার পাশে ছিল। তাই এ অঞ্চলের গণ মানুষের দাবি পূরণে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।"
প্রধানমন্ত্রী ঘোষিত 'দিনবদলের সনদ' বাস্তবায়নে সবাইর প্রতি সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান জিল্লুর রহমান।
রাষ্ট্রপতি ভৈরব শহর রক্ষা বাঁধ নির্মাণ, ভৈরবে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
মেঘনা নদীর ওপর নির্মিত সড়ক সেতুটির নাম আবার সৈয়দ নজরুল ইসলামের নামে রাখার ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন বলেও জানান তিনি।
ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সায়দুল্লাহ্ মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সাংসদ নাজমুল হাসান পাপন, বাজিতপুর-নিকলী এলাকার সাংসদ আফজাল হোসেন, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি আব্দুর রউফ, শিল্পপতি মুছা মিয়া, ভৈরব উপজেলা চেয়ারম্যান মোস্তাক আহমেদ বুলবুল প্রমুখ বক্তব্য দেন।
রাষ্ট্রপতি জিল্লুর রহমান বেলা সোয়া ১১টায় হেলিকপ্টারে ভৈরব স্টেডিয়ামে নামেন। সংবর্ধনার পর দুপুর সোয়া ১টায় স্থানীয় কমলপুর মোড়ে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য 'দুর্জয় ভৈরব' আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। দুপুর পৌনে ২টায় স্থানীয় পৌর কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন তিনি। এরপর ভৈরবের বাসস্থান 'আইভি ভবনে' মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেল ৪টার দিকে ঢাকার উদ্দেশে রওয়ানা হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২২০৭ঘ.
bdnews24