চট্টগ্রাম, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজার আদালত প্রাঙ্গণে জেএমবির বোমা হামলা এবং জেলার নুরপাড়া থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় করা তিন মামলায় সোমবার সাতজনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
এছাড়া চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানায় বিস্ফোরক উদ্ধার মামলায় একজনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
এসব মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর বোমা বিশেষজ্ঞ হিসেবে পরিচিত মিজান, আঞ্চলিক কমান্ডার জাভেদ ইকবাল ওরফে মোহাম্মদসহ দশ জঙ্গি আদালতে হাজির করা হয়।
সকাল থেকে বিকাল পর্যন্ত চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শফিকুল করিম তিন মামলায় সাতজনের সাক্ষ্য গ্রহণ করেন।
বিচারক আগামী ১৯ ও ২২ জুলাই সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন।
২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার সময় কক্সবাজার জজ আদালতে বোমা হামলার ঘটনায় বোমারু মিজান ও জেএমবি কমান্ডার মোহাম্মদসহ অন্য আসামিদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা হয়।
একই বছরের ডিসেম্বরে ১৩ ডিসেম্বর কক্সবাজার সদর উপজেলার নুর পাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও গোলাবারুদসহ আবু জর নামে এক জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় করা মামলাও বোমারু মিজানকে আসামি করা হয়।
ওই বছরের ৪ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকার একটি ভাড়া বাসা থেকে জঙ্গি কমান্ডার জাভেদ ইকবালকে বিস্ফোরকসহ গ্রেপ্তার করে র্যাব। এ ঘটনায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আইয়ুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত প্রাঙ্গণে বোমা হামলা ও রাষ্ট্রের বিরুদ্ধে অর্ন্তঘাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় সাক্ষ্য দিয়েছেন আবদুর রহিম, জসীম উদ্দিন, দিদারুল আলম, ইয়াসিনুল আলম, করিম উল্লাহ।
নুর পাড়ায় বিস্ফোরক উদ্ধারের মামলায় দিদারুল আলম ও নুর বেগম সাক্ষ্য দেন।
আইনজীবী আইয়ুব জানান, নগরীর পাহাড়তলী থানায় বিস্ফোরক উদ্ধার মামলায় দেলোয়ার নামে একজনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২২০৬ ঘ.
bdnews24